রাজারবাগ ও রবীন্দ্র সরোবরে সাংস্কৃতিক জোটের অনুষ্ঠান
অমর একুশে উদ্যাপন উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিন গতকাল রোববার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন শহীদ মিনার চত্বর ও ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।রাজারবাগ পুলিশ লাইনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক। এতে সভাপতিত্ব করেন জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ। বক্তৃতা করেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, নির্বাহী সদস্য শেখ আবদুল কাদের, পুলিশ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। একই সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের অন্য একটি দল রবীন্দ্রসরোবর মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে দলীয় সংগীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পী সংস্থা। দলীয় আবৃত্তি পরিবেশন করে স্বরকল্পন আবৃত্তি চক্র। পথনাটক করে সাত্ত্বিক নাট্যসম্প্রদায় ও বঙ্গরঙ্গ নাট্যদল।