রাজধানীর শহীদবাগ ও মোমেনবাগ এলাকায় মশার উপদ্রবে এলাকাবাসী অতিষ্ঠ। অথচ ওয়ার্ড কাউন্সিলর বলছেন, মশা নিয়ন্ত্রণে নিয়মিত ওষুধ ছিটানো হচ্ছে। নালা-নর্দমাও পরিষ্কার করা হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১১ নম্বর ওয়ার্ডে পড়েছে শহীদবাগ ও মোমেনবাগ এলাকা। গতকাল বুধবার সকালে এলাকায় গেলে বাসিন্দারা অন্যান্য নাগরিক সমস্যার তুলনায় মশার উপদ্রবেই তাঁরা সবচেয়ে বেশি অতিষ্ঠ বলে জানান। সিটি করপোরেশনের লোকদের ওষুধ ছিটাতে বললে তাঁরা এলাকাবাসীকে বুঝিয়েছেন, অনেক ওষুধ ছিটানো হয়েছে। বৃষ্টি হচ্ছে, মশার উপদ্রব আর থাকবে না।
এলাকাবাসী বলেন, গত ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরুর দিকে অন্য ওয়ার্ডগুলোর মতো তাঁদের এলাকায়ও ‘মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম’ পরিচালনা করা হয়। ওই সময় মশা মারতে নিয়মিত মশার ওষুধ ছিটানো হলেও এখন সপ্তাহে বড়জোর এক দিন ওষুধ ছিটানো হয়।
শহীদবাগের বাসিন্দা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা লুৎফুর রহমান বলেন, তাঁর দুই বাচ্চা স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলে যায়। দুপুরে তাদের ঘুম পাড়াতে গিয়ে মশার অত্যাচারে মশারি খাটাতেই হয়। বাচ্চাদের কচি মনেও প্রশ্ন—দিনের বেলায় মশারি দেওয়ার দরকার কী? এলাকার একটি মুদিদোকানি লোকমান হোসেন বললেন, তাঁর দোকানে মশার কয়েল এত বেশি বিক্রি হচ্ছে যে, বারবার দোকানে তুলতে হচ্ছে। তাঁর কথা হচ্ছে, করপোরেশন থেকে ওষুধই যদি নিয়মিত ছিটানো হয়, তাহলে দোকানে রাখা কয়েল এত বেশি বিক্রি হচ্ছে কেন? পাশের লন্ড্রি দোকানি পরিমল বলেন, করপোরেশন মাঝে মাঝে ওষুধ ছিটালেও মশা মরে না। অজ্ঞান হয়ে আবার উড়ে বেড়ায়। ওষুধে সম্ভবত ভেজাল আছে।
মোমেনবাগে নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না বলে জানান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুর রহমান, ফোন-ফ্যাক্সের দোকানি আবদুর রব্বানী, এনজিও কর্মী উত্তম পোদ্দার। তাঁরা বলেন, মশার উৎসস্থল পরিষ্কার না করলে মশা বাড়বে—এটা সবাই জানে। কিন্তু করপোরেশন জানে না। এলাকাটি ডিএসসিসির ২ নম্বর আঞ্চলিক (খিলগাঁও) কার্যালয়ের অধীনে। গতকাল বিকেলে কয়েকজন কর্মীকে ফগার মেশিন নিয়ে বিভিন্ন ওয়ার্ডে যাওয়ার প্রস্তুতি নিতে দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা পুরোনো অভিযোগ তুলে ধরেন। একটি ওয়ার্ডের জন্য পাওয়া যায় মাত্র পাঁচ লিটার ওষুধ, আধা ঘণ্টা ছিটালেই ফুরিয়ে যায়। তাই একটি ওয়ার্ডের প্রতি মহল্লায় নিয়মিত ওষুধ ছিটানো অসম্ভব।
জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর হামিদুল হক বলেন, যত দূর সম্ভব নিয়মিতই ওষুধ ছিটানো হয়। নর্দমাও পরিষ্কার করা হয়। তারপরও মশার উপদ্রব কেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, খোঁজ নিয়ে দেখা হবে।