রাজারহাট সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সাময়িক বরখাস্ত
দায়িত্বে অবহেলার অভিযোগে কুড়িগ্রাম সোনালী ব্যাংকের রাজারহাটের শাখা ব্যবস্থাপক জয়নাল আবেদিন ব্যাপারীকে ২০ এপ্রিল সাময়িক বরখাস্ত করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলার প্রবাসী এক ব্যক্তি রাজারহাট সোনালী ব্যাংকে তাঁর আত্মীয়ের হিসাব নম্বরের অনুকূলে ৩১ মার্চ অনলাইনে টাকা (রেমিট্যান্স) পাঠান। কিন্তু ওই টাকা সাত দিনেও নির্দিষ্ট নম্বরে জমা হয়নি। বিষয়টি বাংকের অনলাইন সার্ভার মনিটরিং করার সময় ধরা পড়ে। সরকারি নিয়ম অনুযায়ী, বিদেশ থেকে অনলাইনে টাকা পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে। এ কারণে দায়িত্বে অবহেলার অভিযোগে ২০ এপ্রিল কুড়িগ্রাম সোনালী ব্যাংক লিমিটেডের এজিএম এ টি এম একরামুল হক রাজারহাট শাখার ব্যবস্থাপক জয়নাল আবেদীন ব্যাপারীকে সাময়িক বরখাস্ত করেন।এ টি এম একরামুল হক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ আদেশ কার্যকর করা হয়েছে। মূলত ব্যাংকের অনেক শাখায় আইটি এক্সপার্ট না থাকায় এবং বিদ্যুতসংকটের কারণে এই সমস্যা হয়েছে।