রাজারহাটে আজ ৭ লাখ বৃক্ষরোপণ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আজ বুধবার এক ঘণ্টায় সাতটি ইউনিয়নে সাত লাখ বৃক্ষ রোপণ করা হবে। এ উপলক্ষে গত সোমবার বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে সংবাদ সম্মেলন করে উপজেলা প্রশাসন।
সংবাদ সম্মেলনে বলা হয়, আজ সকাল ১০টায় রাজারহাট হেলিপ্যাড মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করবেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। বিশেষ অতিথি থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. জাফর আলী, জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, পুলিশ সুপার আলহাজ মেহেদুল করিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম বলেন, সাতটি ইউনিয়নের ৫০১টি সড়কের প্রায় ৭০০ কিলোমিটার এলাকা বৃক্ষরোপণের জন্য প্রস্তুত করা হয়েছে। ৬৩ প্রজাতির চারা ইতিমধ্যে ক্রয় করা হয়েছে। অনেক দিন ধরে প্রস্তুতি চলছে। চারা ক্রয়ে ব্যয় ধরা হয়েছে ৪৫ লাখ টাকা। অর্থ জোগান দিয়েছে উপজেলা পরিষদ ও সাতটি ইউনিয়ন পরিষদ। চারা রোপণের জন্য বাঁশের খুঁটি তৈরি করা হয়েছে সাত লাখ। এ বাঁশগুলো উপজেলার বিভিন্ন অঞ্চলের মানুষ বিনা মূল্যে দিয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৫৫ লাখ টাকা। তা ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি স্বেচ্ছায় সাধ্যমতো এ কর্মসূচিতে অর্থ সহায়তা করেছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে ১ লাখ ১৫ হাজার মানুষ অংশ নেবে।