রাজারহাটে চামড়ার জমজমাট বেচাকেনা

দক্ষিণাঞ্চলের বৃহত্তম যশোরের রাজারহাট চামড়ার মোকামে জমজমাট বাণিজ্য হয়েছে। কোরবানির ঈদের পর প্রথম হাটের দিন গতকাল শনিবার এ মোকামে পৌনে ১৫ কোটি টাকার চামড়া কেনাবেচা হয়েছে।
মোকামে চামড়ার আমদানি ছিল আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। এ জন্য সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি দামে ব্যবসায়ীরা চামড়া কেনাবেচা করেছেন। বেশি দামে চামড়া বেচতে পেরে প্রান্তিক ব্যবসায়ীরা আনন্দ প্রকাশ করেন।
বৃহত্তর যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দীন মুকুল বলেন, ঈদের পর শনিবার প্রথম হাটের দিনে এ মোকামে অন্তত ১৪ কোটি ৭০ লাখ টাকার চামড়া লেনদেন হয়েছে। তিনি জানান, এদিন অন্তত ৫০ হাজার গরু, ৬০ হাজার ছাগল ও দুই হাজারের মতো মহিষের চামড়া কেনাবেচা হয়েছে। চালানের মাধ্যমে এ চামড়া বেচাবিক্রি হয়ে থাকে বলেও তিনি জানান।
আলাউদ্দীন মুকুল বলেন, আড়াই হাজার টাকা গরুর প্রতিটি চামড়ার গড় দাম ধরলে সাড়ে ১২ কোটি, ছাগলের চামড়া গড়ে ৩০০ টাকা ধরে এক কোটি ৮০ লাখ ও মহিষের চামড়ার দাম গড়ে দুই হাজার করে ধরে ৪০ লাখ টাকা হয়। এ হিসাবে ১৪ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে।
সাতক্ষীরার আশাশুনি উপজেলা থেকে এ মোকামে চামড়া বেচতে আসা প্রান্তিক ব্যবসায়ী কবিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এক হাজার ৫০০ গরু ও ২০০ মহিষের চমড়া সরকার নির্ধারিত দামের চেয়ে ফুটে ১০ থেকে ১৫ টাকা বেশি দামে বিক্রি করেছেন। চামড়ার বেশি দাম পেয়ে তিনি আনন্দিত বলেও জানান।
মোকামের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি বর্গফুটে ১০ থেকে ২০ টাকা বেশি দামে চামড়া কেনাবেচা হয়েছে। এবার বড় গরুর চামড়া সরকার নির্ধারিত প্রতি বর্গফুট ৭০ থেকে ৭৫ আর ছোট গরুর চামড়া ৬০ থেকে ৬৫ টাকা। সেখানে বড় গরু ৮০ থেকে ৮৫ ও ছোট গরু ৭০ থেকে ৭৫ টাকা বর্গফুট দরে কেনাবেচা হয়েছে।
এদিকে ভারতে চামড়া পাচার ঠেকাতে ঈদের আগের দিন থেকে এ হাটে অস্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে। চামড়ার বাজার
এলাকায় সার্বক্ষণিক র্যাব ও পুলিশের বিশেষ নজরদারি রয়েছে বলে জানা গেছে।