রাজারহাটে তিস্তা ভেঙে নিচ্ছে দুই মৌজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ এবং দলদলিয়া ইউনিয়নের মহাদেব মৌজা দুটিতে তিস্তা নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত দুই সপ্তাহের ভাঙনে ওই এলাকা দুটির অর্ধশতাধিক পরিবারের বসতভিটাসহ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
ভাঙনের মুখে পড়েছে ঠুটাপাইকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠুটাপাইকর দ্বিমুখী উচ্চবিদ্যালয়, ঠুটাপাইকর নেছারিয়া জামে মসজিদ, ঠুটাপাইকর বাজার জামে মসজিদসহ নদীতীরবর্তী আরও আড়াই শতাধিক পরিবারের বসতভিটা। ভাঙনকবলিত পরিবারগুলো স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি রাস্তার ওপর পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।
সরেজমিনে এলাকাগুলোয় দেখা গেছে, তিস্তা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে পাশাপাশি অবস্থিত দুই মৌজা সোমনাথ ও মহাদেব এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে প্রায় দেড় কিলোমিটার এলাকা ভাঙনের শিকার হয়েছে। লোকজন ঘরবাড়ি সরিয়ে নেওয়ারও সময় পাচ্ছে না। এদিকে দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগ আরও বেড়েছে। বৃষ্টির মধ্যেই লোকজন বসতভিটার গাছপালা কেটে নিচ্ছে।
এ ব্যাপারে মহাদেব মৌজার বাসিন্দা নাজমা বেগম (৩০) বলেন, ‘হামারগুলার বাড়িঘর ১৫ দিন আগত তিস্তা নদীত ভাঙ্গি গেইছে। এ পর্যন্ত কাইও দেকপার আইসে নাই।’ একই এলাকার আলমগীর হোসেন (৪৫), সুখলাল (৩৫), আবদুল মান্নান (৫৫) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দীর্ঘদিন থাকি নদী হামার বাড়ি ভিটা, জমি ভাঙ্গি নিয়া যাবার নাগছে। এ্যালা কোটে যাম? সরকার নদী পার বান্দি দিলে হামার এতো দুঃখ হয় না।’ মহাদেব মৌজার নাজমা বেগম (৩০), আবদুল হান্নান (৫০) বলেন, ‘ঠুটাপাইকরের চায়া হামার গ্রাম বেশি ভাঙ্গবার নাগছে। এটে কাম না করি সরকার ওটে কাম করবার নাগছে।’
এলাকার সাবেক ইউপি সদস্য আ. সালাম (৬০) বলেন, সোমনাথ ও মহাদেব মৌজায় তিস্তা নদী পার ভেঙে দেড় কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে। মানুষ জায়গা-জমি হারিয়ে পথে বসছে। শুধু ফসলি জমি নয়, স্কুল-মাদ্রাসা, রাস্তাঘাট, হাটবাজার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে এলাকা দুটিতে ভাঙনরোধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
দলদলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আ. হান্নান সরকার বলেন, ‘এলাকার অবস্থা কুড়িগ্রাম জেলা প্রশাসককে জানাই। তিনি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জরুরি ভিত্তিতে ভাঙনরোধে কিছু বস্তা পাঠিয়েছেন। তবে এগুলো দিয়ে ভাঙন রোধ করা যাবে না। ব্লক ফেলতে হবে।’ কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।