রাজারহাটে দুই ব্যক্তিকে অপহরণ মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম রাজারহাট উপজেলার রাজারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) এক কর্মচারীসহ দুজনকে অপহরণ করে নিয়ে গেছে দূর্বত্তরা। পরে মুঠোফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। ইতিমধ্যে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে অপহরণকারী চক্র।
গত শুক্রবার উপজেলার চায়না বাজার থেকে তাঁদের অপহরণ করা হয়। অপহূত দুজন হলেন ওই ইউপির অফিস সহকারী মো. শাহজাহান (৩০) ও তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা লিটন চন্দ্র রায় (২৬)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজারহাট ইউপির চেয়ারম্যান এনামুল হক। তাঁর পক্ষে শাহজাহান ও লিটন চন্দ্র রায় প্রচারণা চালাতে গিয়ে গত শুক্রবার রাত ১০টায় ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন চায়না বাজার এলাকা থেকে অপহূত হন।
শনিবার এনামুল হকের মুঠোফোনে ফোন করে এক অজ্ঞাতনামা ব্যক্তি দুই কর্মচারীকে অপহরণ করা হয়েছে বলে জানায়। ওই ব্যক্তি তাঁকে আরও জানায়, তাঁদের পেতে চাইলে মুক্তিপণ বাবদ তিন লাখ টাকা দিতে হবে।
এনামুল হক জানান, অপহরণকারীদের কাছে ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানো হয়েছে। আজকের (সোমবার) মধ্যে তাঁরা বাকি টাকা নিয়ে ডেকেছে।
যোগাযোগ করা হলে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘অপরাধীদের ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
এ ঘটনায় ওই দুজনের পরিবারের পক্ষে রাজারহাট থানায় এনামুল হক একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।