রাজারহাটে ফলাফল জালিয়াতির অভিযোগ
কুড়িগ্রামের রাজারহাটের নাজিম খাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) দুটি ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে ফলাফল জালিয়াতি করে এক চেয়ারম্যান পদপ্রার্থীকে বিজয়ী ঘোষণার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পরাজিত প্রার্থী রবিউল ইসলাম রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন।রবিউল আলমের লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, নাজিম খাঁ ইউনিয়নে গত শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সোনালুরকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গমির উদ্দিন দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা ভোট গণনা শেষে মৌখিকভাবে ফলাফল ঘোষণা করেন। এতে আটটি কেন্দ্র মিলে রবিউল আলম ৮৮ ভোটে বিজয়ী হন। রাত সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নতুন করে জামাল উদ্দিনকে সাত ভোটে বিজয়ী ঘোষণা করা হয়।অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, প্রিসাইডিং কর্মকর্তাদের ঘোষণা অনুযায়ী সোনালুরকুঠি কেন্দ্রে রবিউল আলম ৬৮৬ এবং গমির উদ্দিন দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৪৫০ ভোট পান। কিন্তু মধ্যরাতে নিয়ন্ত্রণ কক্ষ থেকে দেওয়া ঘোষণা অনুযায়ী ওই দুই কেন্দ্রে রবিউল আলম যথাক্রমে ৬৫০ ও ৪০০ ভোট পেয়েছেন। এর প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিকভাবে রবিউল আলম রিটার্নিং কর্মকর্তার কাছে ভোট পুনর্গণনার দাবি জানান। কিন্তু তাতে কাজ না হওয়ায় গত রোববার তিনি ইউএনও ও জেলা প্রশাসকের কাছে পুনরায় লিখিতভাবে দাবি জানান। রাজারহাটের ইউএনও ও রিটার্নিং কর্মকর্তা রাহেনুল ইসলাম বলেন, ‘যোগের ভুলের কারণে এমনটি হতে পারে।’