রাজারহাটে ৩৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
কুড়িগ্রামের রাজারহাটের সাতটি ইউনিয়নের নির্বাচনে মোট ভোটকেন্দ্র ৮২টি। এর মধ্যে ৩৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ৭ মে এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইউনিয়নগুলো হলো রাজারহাট সদর, বিদ্যানন্দ, ঘড়িয়ালডাঙ্গা, ওমরমজিদ, নাজিমখাঁ, চাকিরপশার ও ছিনাই। উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৮৩ জন এবং সাধারণ সদস্য পদে ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩৬ হাজার ৭৬। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়াজেদ আলী বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৮২ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪৮০ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, ৯৬০ জন পোলিং কর্মকর্তাসহ মোট ১৫২২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রশিদ বলেন, নির্বাচন সুষ্ঠু ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রতিটি কেন্দ্রে সাতজন অস্ত্রধারী পুলিশ ও আনসার সদস্যসহ ১৭ জন দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অস্ত্রধারী ৮ পুলিশ ও আনসার সদস্যসহ ২১ জন নিয়োজিত থাকবেন।