জাসদের ঠাকুরগাঁও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান গতকাল দুপুরে এ সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে মো. রাজিউর রহমানকে সভাপতি, মমিনুল হাসানকে সাধারণ সম্পাদক ও রাশেদুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৪৬ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
জেলা জাসদ সূত্রে জানা গেছে, সম্মেলন উদ্বোধন শেষে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা জাসদের সভাপতি মো. রাজিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় নাজমুল হক প্রধান ছাড়াও জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন রাঙা, কেন্দ্রীয় কমিটির সদস্য এমরান আল আমিন প্রমুখ বক্তব্য দেন। পরে ওই ৪৬ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
নাজমুল হক প্রধান বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়গুলো নিয়ে বিতর্ক তুলে জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে। স্বাধীনতাবিরোধীদের কর্মকাণ্ড সম্পর্কে সবার সজাগ থাকতে হবে। জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। এতে জাসদের নেতা-কর্মীদের প্রধান ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।