রাজীব খুনের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার রাজীব হায়দার খুনের প্রতিবাদে গতকাল শনিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এসব সমাবেশ থেকে মানবতাবিরোধীদের নির্মূল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেওয়া হয়। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পলাশনগর থেকে গণজাগরণের এই সক্রিয় কর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রংপুর: রাজীব হত্যার প্রতিবাদে রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ ও রংপুর সরকারি কলেজ থেকে বেলা ১১টার দিকে পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়। বেলা দেড়টায় পাবলিক লাইব্রেরি মাঠের জাগরণী মঞ্চ থেকে বের করা হয় মিছিল। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আল আমিন বলেন, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত রংপুরে জাগরণী মঞ্চে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত সমাবেশ অব্যাহত থাকবে।সাতক্ষীরা: সকাল সাড়ে নয়টায় সাতক্ষীরা নিউমার্কেট চত্বরের শহীদ আলাউদ্দিন চত্বর থেকে সাতক্ষীরা গণজাগরণ মঞ্চের উদ্যোগে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহীদ রীমু চত্বরে শেষ হয়। মিছিলে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, যুদ্ধাপরাধীদের ফাঁসি, রাজীবের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্লোগান দেওয়া হয়। দেবীদ্বার (কুমিল্লা): গতকাল দুপুরে দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বরে অব্যাহত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পরিচালনায় ’৭১-এর মুক্তমঞ্চ থেকে রাজীব হত্যার প্রতিবাদ জানানো হয়। এর আগে সকাল থেকে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন ও রাজীবের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। নাটোর: রাজীব হায়দার খুনের প্রতিবাদে গতকাল নাটোরের শেরেবাংলা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে। বেলা ১১টায় শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করে। তারা রাজীব হায়দারের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করে। পরে প্রধান শিক্ষক আবদুল কাদের যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়সহ জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। দিনাজপুর: যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ করার দাবিতে গতকাল দিনাজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিন কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছে। এতে সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। শহরের উত্তর প্রান্তে দিনাজপুর সরকারি কলেজ থেকে শুরু করে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা মানববন্ধন করে। অংশগ্রহণকারীরা ব্লগার রাজীব হায়দারকে খুনের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে শাস্তি দাবি করে। দিনাজপুর-৩ (সদর) আসনের সাংসদ ইকবালুর রহিম কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন।কুষ্টিয়া: রাজীব হায়দার হত্যার প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়ার ব্লগার, সংস্কৃতি ও বিভিন্ন সংগঠনের নেতারা। গতকাল বিকেলে পৌরসভার বিজয় উল্লাস চত্বরে গণজাগরণ মঞ্চে আন্দোলনকারীরা প্রতিবাদী স্লোগান দেন। কুষ্টিয়ায় ব্লগার বনী ইসরাইল বলেন, একাত্তরেও স্বাধীনতাবিরোধীরা নৃশংসভাবে মানুষ হত্যা করেছিল, এখনো নৃশংসভাবে মানুষ হত্যা করছে। সে সময় যেভাবে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল, ঠিক একইভাবে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে।সিলেট: সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত ছাত্র-জনতা বিক্ষোভ করেছে। গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক মিনিট নীরবতা পালন করে ব্লগার রাজীব হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরের জিন্দাবাজার ও কোর্ট পয়েন্ট ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে গণজাগরণ মঞ্চ থেকে রাজীবকে ‘নতুন প্রজন্মের শহীদ মুক্তিযোদ্ধা’ ঘোষণা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। ব্লগার রাজীব খুনের প্রতিবাদে গতকাল দুপুর দুইটা থেকে বেলা চারটা পর্যন্ত দুই ঘণ্টা সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা। অবরোধ শেষে তাঁরা সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গণজাগরণ মঞ্চে একাত্মতা প্রকাশ করেন।শাহজালাল বিশ্ববিদ্যালয়: রাজীব হত্যার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। গতকাল বেলা দেড়টার দিকে ক্যাম্পাসে ও প্রধান ফটকসংলগ্ন সিলেট-সুনামগঞ্জ সড়কে এসব কর্মসূচি পালন করা হয়। নরসিংদী: রাজীব হত্যার প্রতিবাদে ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল বেলা তিনটায় ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় প্রজন্ম ’৭১ নামের সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়েছে। সমাবেশে রাজীব হত্যার সঙ্গে জড়িত জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের দ্রুত খুঁজে বের করে জনতার মঞ্চে বিচার করার আহ্বান জানানো হয়।