রাজীব গান্ধীর জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় গত বছর করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ হিসেবে তাঁকে বিবেচনা করা হয়।
গতকাল বুধবার দুপুরে গোবিন্দগঞ্জের জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় রাজীব গান্ধী স্বীকারোক্তিমূলক ওই জবানবন্দি দেন। বিচারক এস এম তাসকিনুল হক জবানবন্দি রেকর্ড করেন। এর আগে গত বৃহস্পতিবার রাজীব গান্ধীকে ওই মামলায় দুই দফায় মোট ১২ দিনের রিমান্ডে নেয় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। প্রথম দফার সাত দিনের রিমান্ড শেষে তাঁকে গতকাল আদালতে হাজির করা হয়।
গাইবান্ধা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান জানান, ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি নাশকতা চালানোর জন্য গোবিন্দগঞ্জ পৌরসভার বটতলী এলাকায় গোপন বৈঠক করার সময় চারজনকে আটক করে পুলিশ। ওই দিনই তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় রাজীব গান্ধীকে। তিনি ওই গোপন বৈঠকের সঙ্গে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
গত ২৭ মার্চ পলাশবাড়ীর মনোহরপুর গ্রামের পল্লিচিকিৎসক মাহবুবুল আলম ওরফে দীপ্তি হত্যা মামলায় রাজীবকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১৫ সালের ২ জুন মাহবুবুল খুন হন।
এ ছাড়া গত ২০ মার্চ সাঘাটার বসন্তেরপাড়া গ্রামের ফজলে রাব্বী হত্যা মামলায় রাজীব সাত দিনের রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ২০১৫ সালের ১২ জুলাই এ উপজেলার জুমারবাড়ি ওয়াপদা বাঁধে জেএমবি সদস্য ফজলে রাব্বীকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়।
‘জেএমবির’ তিন সদস্য রিমান্ডে
রাজীব গান্ধীর তথ্যে গ্রেপ্তার ‘জেএমবি’র তিন সদস্যের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাইবান্ধার অতিরিক্ত বিচারিক হাকিম আদালত। গতকাল দুপুরে বিচারক মো. জয়নাল আবেদীন এ রিমান্ড মঞ্জুর করেন।
গত মঙ্গলবার দুপুরে পলাশবাড়ীর কিসামত কেওয়াবাড়ি গ্রাম থেকে উগ্র মতাদর্শের ধর্মীয় বইপুস্তকসহ এই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন কিসামত কেওয়াবাড়ি গ্রামের মেহেদুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলার জগদীশপুর পাছপাড়া গ্রামের দেলোয়ার হোসেন ও গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আতাউর রহমান ওরফে মিন্টু।
ওসি মাসুদার রহমান বলেন, রাজীব গান্ধীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী ওই তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা করা হয়েছে।