রাজীব দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্লগার রাজীব দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। রাজীব চলে গেছে, কিন্তু তাঁর রক্ত দিয়ে রঞ্জিত করে গেছে তরুণ প্রজন্মকে। যার পরিপ্রেক্ষিতে শুক্রবার শাহবাগের কর্মসূচি আবারও লাগাতার করা হয়। সময় এসেছে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার। একাত্তরের মতো আবারও গর্জে উঠুন। জামায়াত-শিবিরকে খুঁজে বের করার এখনই সময়। এ গর্জে ওঠা কোনো খুনের জন্য নয়। গর্জে উঠতে হবে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি বাস্তবায়নের জন্য।’ ১৪ দল গতকাল শনিবার আয়োজিত গণপদযাত্রার আগে গাজীপুরের টঙ্গীর আনারকলি সিনেমা হলের সামনে আয়োজিত এক সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এসব কথা বলেন। গাজীপুরের টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় ১৪ দলের নেতারা। মতিয়া চৌধুরী বলেন, ‘আমার ভাই ব্লগার রাজীব নতুন প্রজন্মের যুদ্ধ শুরু করেছিল। ১৯৭১-এর ১৬ ডিসেম্বরের আগে এমনি করে আলবদর ও রাজাকারেরা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল।’