রাজীব হত্যা মামলার রায় প্রত্যাখ্যান গণজাগরণ মঞ্চের
ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী রাজীব হায়দার হত্যা মামলার রায় প্রত্যাখ্যান করে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চের নেতা কর্মীরা। এ সময় বিচারের নামে প্রহসন করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
সমাবেশে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘যেকোনো মামলায় অপরাধের উসকানিদাতাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। কিন্তু এই মামলায় প্রধান আসামিকে দেওয়া হলো মাত্র পাঁচ বছরের কারাদণ্ড। আবার যে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের একজন এখনো পলাতক। এই রায় কোনোভাবে জনগণের প্রত্যাশিত নয়, আমরা এই রায় প্রত্যাখ্যান করছি।’
‘এ রায় রাষ্ট্রে জঙ্গিবাদ পুনর্বাসনের পক্ষে গেছে’ মন্তব্য করে ইমরান এইচ সরকার বলেন, ‘এখানে বিচারের নামে প্রহসন হয়েছে। অপরাধীদের বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছে।’ তিনি বলেন, সরকার অপরাধীদের পৃষ্ঠপোষকতা করছে। সরকারের সদিচ্ছা থাকলে কোনো অপরাধীই আইনের বাইরে যেতে পারে না।
সমাবেশে রাজীব হায়দারের বাবা নাজিম উদ্দিন বলেন, ‘আত্মস্বীকৃত খুনিরা কীভাবে পার পেয়ে যায়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।’ তিনি ‘ত্রুটিপূর্ণ’ ও ‘অসংগতিপূর্ণ’ এই রায়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে রাজীবের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করেন বিক্ষোভকারীরা। এ সময় ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটি পরিবেশন করা হয়। পরে একটি মশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে আবার শাহবাগে আসেন তাঁরা।