রাজীব হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে পলাতক এক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ছাবরিনা আলী এ আদেশ দেন।

আজ পলাতক আসামি রেদোয়ানুল আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। একই সঙ্গে আগামী ২০ মার্চ পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়।

এর আগে গত ২৯ জানুয়ারি পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মুহাম্মদ জসীম উদ্দিন রাহমানিয়া ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাত ছাত্রের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আজ অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। অভিযোগপত্রে আসামি রেদোয়ানুল আজাদকে পলাতক দেখিয়ে তাঁর পরোয়ানা জারির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।

মামলার অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সাত শিক্ষার্থী ফয়সাল বিন নাঈম, মাকসুদুল হাসান, এহসান রেজা, নাঈম সিকদার, নাফিস ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ ও রেদোয়ানুল আজাদ। তাঁরা নর্থ সাউথের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের ছাত্র ছিলেন। আসামি রেদোয়ানুল আজাদ মামলার শুরু থেকেই পলাতক। তদন্ত কর্মকর্তা পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানার আবেদন করেছেন।

অভিযোগপত্রে বলা হয়, জসীমউদ্দিন রাহমানীর বই পড়ে এবং সরাসরি তাঁর বয়ান ও খুতবায় অংশ নিয়ে ব্লগারদের খুন করতে উদ্বুদ্ধ ও উত্সাহিত হন ওই সাত শিক্ষার্থী। এরই ধারাবাহিকতায় ব্লগার রাজীব খুন হন। অভিযোগপত্রে রাহমানীকে রাজিব হত্যাকাণ্ডে উত্সাহদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে আরও বলা হয়, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী পলাতক আসামি রেদোয়ানুল আজাদ। আসামিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে রাজীবকে হত্যা করেন।

গত বছরের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীর পলাশনগরের নিজ বাড়ির কাছে ব্লগার রাজীবকে (৩২) চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পল্লবী থানায় করা মামলার তদন্তের দায়িত্ব পায় ডিবি। ডিবি প্রথমে নর্থ সাউথের পাঁচ শিক্ষার্থীকে শনাক্ত করে। ১ মার্চ রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার করা হয় আরেক শিক্ষার্থীকে। গ্রেপ্তার হওয়া ছয় শিক্ষার্থী ও জসীমউদ্দিন রাহমানী বর্তমানে কারাগারে আছেন।