রাজীব হত্যাকাণ্ডে বিএনপির উদ্বেগ
ব্লগার আহমেদ রাজীব হায়দারকে হত্যার ঘটনায় উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। গতকাল শনিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই উদ্বেগ ও প্রতিবাদ জানান। তিনি অবিলম্বে রাজীবের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে রাজীবের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানানো হয়।বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এতটাই অবনতি ঘটেছে যে, তাতে কেবল বিরোধী দলের নেতা-কর্মীরাই নন, দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাও চরম হুমকির সম্মুখীন। নিরাপদ জীবনযাপনের ন্যূনতম নিশ্চয়তা দিতে শাসকগোষ্ঠী ব্যর্থ হয়েছে। ফলে শুক্রবার রাতে শাহবাগ আন্দোলনের ব্লগার রাজীবের হত্যা সুস্পষ্টভাবে প্রমাণ করে, দেশে এখন চরম নৈরাজ্য বিরাজ করছে। তিনি দাবি করেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার ও বেআইনি অস্ত্র দিয়ে যুবলীগ-ছাত্রলীগকে পোষণ করার কারণেই মানুষের জীবনের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে।