রাজীব হত্যার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগে চলমান আন্দোলনের সংগঠক ব্লগার আহমেদ রাজীব হায়দার খুনের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম। একই সঙ্গে এই আন্দোলনে লাখো জনতার সংহতির খবরও প্রকাশ করছে তারা।নিউইয়র্ক টাইমস, রয়টার্স, এএফপি, সিএনএন, টাইমস অব ইন্ডিয়া, এনবিসি, গালফ নিউজ, দ্য পেনিনসুলাসহ বিভিন্ন সংবাদমাধ্যম এসব খবর প্রকাশ করেছে।এ-সংক্রান্ত নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে লাখো জনতা নতুন করে বিক্ষোভ শুরু করেছে। এই বিক্ষোভ থেকে শাহবাগ আন্দোলনের অন্যতম সংগঠক ব্লগার রাজীব হায়দার হত্যাকাণ্ডে ন্যায়বিচারের দাবি জানানো হয়। বিক্ষোভে এক লাখের বেশি জনতা অংশ নেয়।রয়টার্স ও এনবিসির প্রতিবেদনে বলা হয়, ব্লগার রাজীব হত্যার প্রতিবাদে মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে নতুন করে বিশাল বিক্ষোভ শুরু হয়েছে। শাহবাগে প্রজন্ম চত্বরে এই বিক্ষোভে অন্তত এক লাখ মানুষ অংশ নেয়। সেখানে রাজীবের জানাজাও অনুষ্ঠিত হয়।সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে বিশাল আন্দোলন চলছে। তরুণ প্রজন্মের নেতৃত্বে এই আন্দোলনে অসংখ্য মানুষ অংশ নিচ্ছে। টামইস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ব্লগার রাজীব হত্যার পর একটি ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগ আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন রাজীব। গালফ নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, শাহবাগ আন্দোলনের সংগঠক ব্লগার রাজীবকে হত্যার জন্য আন্দোলনকারীরা জামায়াতে ইসলামীকে দায়ী করেছে।