রাজীব হত্যার প্রতিবাদে উত্তাল চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ
ব্লগার আহমেদ রাজীব হায়দারের হত্যার প্রতিবাদে ক্ষুব্ধ চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ। গতকাল শনিবার কর্মসূচির ১১তম দিনে রাজীব হত্যাকাণ্ডের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায় সমবেত জনতা। রাজীব হায়দারকে ‘শহীদ’ অভিহিত করা হয় চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ থেকে। ১১তম দিনের কর্মসূচির শুরুতে রাজীবের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সমবেত জনতা এক মিনিট নীরবতা পালন করেন।গণজাগরণ মঞ্চে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা ভাস্কর্য তৈরি করে একাত্তরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এ ছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজীব হত্যার বিচার দাবিতে স্লোগান তুলেছে। সন্ধ্যার পর প্রতিদিনের মতো প্রেসক্লাব চত্বরে সব বয়সী নর-নারীর ভিড় বাড়তে থাকে। স্লোগান ছাড়াও এ সময় ‘কারার ঐ লৌহ কবাট’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ ইত্যাদি গণসংগীতের সঙ্গে তাঁরা কণ্ঠ মেলান। ‘জামায়াত-শিবির রাজাকার—এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘জামায়াতে ইসলাম—মেড ইন পাকিস্তান’, ‘যুদ্ধাপরাধীর ফাঁসি চাই—দিতে হবে দিতে হবে’ ইত্যাদি স্লোগানে মুখর ছিল গণজাগরণ মঞ্চ। রাতে গণজাগরণ মঞ্চে প্রতিদিনের মতো প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী শরীফ চৌহান বলেন, ‘যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলা চলমান আন্দোলন চালিয়ে যাব। যত আঘাত আসুক আমরা চূড়ান্ত বিজয় ছাড়া ঘরে ফিরব না। রাজীবের হত্যাকাণ্ডটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মুক্তিযুদ্ধবিরোধীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’