রাজীবপুর ও নাগেশ্বরীতে ভাঙন, সাত শতাধিক ঘর বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে নদ-নদীতে পানি বাড়ায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যে রাজীবপুর ও নাগেশ্বরী উপজেলায় সাত শতাধিক বসতঘর বিলীন হয়ে গেছে। নদীতে চলে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ও গাছপালা। বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ ও হাট-বাজার হুমকির মুখে রয়েছে। ব্রহ্মপুত্রের ভাঙনে রাজীবপুরের শংকর মাধবপুর গ্রামের ২০টি পরিবারের বসতঘর সোমবার রাতে বিলীন হয়ে যায়। গ্রামের আকবর আলী বলেন, ‘সোমবার রাইতে হুইছি এমন সময় ভাঙন শুরু হইছে। গ্রামবাসী আইসা বাড়িঘর সরাইয়া নিছে। বর্তমানে আমরাসহ ২০টি পরিবারের সদস্যরা অন্যের জমিতে আশ্রয় নিয়েছি।’ একই গ্রামের মিজানুর রহমান বলেন, ‘ভাই গো আমাগেরে খবর কেউ নেয় না। কয়েক দিন কামে যাইতে পারি নাই, হাত খালি। হাওলাদ-বাওলাদ কইরা চলছি। ঘড় তুলুম তেমন টাকা-পয়সা নাই।’ সরেজমিনে রাজীবপুর উপজেলার শংকর মাধবপুর গ্রামে গিয়ে দেখা যায়, ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙনে শংকর মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি হুমকির মুখে রয়েছে। সোনাভরি এবং ব্রহ্মপুত্রের মিলিত স্রোত এসে বিদ্যালয় ভবনের গোড়ায় আঘাত হানছে। এতে পাঠদান বন্ধ হয়ে গেছে। প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। রাজীবপুর উপজেলা পরিষদ ভবনও হুমকির মুখে রয়েছে। সরকারি খাদ্যগুদাম থেকে মাত্র ১৫০ ফুট দূরে নদী ভাঙছে। স্থানীয় লোকজন ভাঙনের হাত থেকে উপজেলা পরিষদ ভবন এবং খাদ্যগুদাম রক্ষার দাবিতে কয়েকবার নদীর তীরে মানববন্ধন এবং ইউএনওর কাছে স্মারকলিপি দিয়েছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এখনো কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। ইউএনও আবদুল কাদের জানান, ভাঙনের মুখে ওই বিদ্যালয়ের ভবনটি নিলামে বিক্রির প্রস্তুতি চলছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি হচ্ছে। সরেজমিনে নাগেশ্বরী উপজেলায় গিয়ে দেখা যায়, ইতিমধ্যে বল্লভেরখাস ইউনিয়নের ঐতিহ্যবাহী মাদারগঞ্জ নদীবন্দর, হাটের মাঝখানে স্থাপিত গ্রামীণফোনের টাওয়ার ভবনসহ শতাধিক দোকানঘর ও গোসাঁই আখড়ার শিবমন্দিরের কিছু অংশ বিলীন হয়ে গেছে।ভাঙন অব্যাহত থাকায় মাদারগঞ্জ বসুরীয়া দাখিল মাদ্রাসা, মাদারগঞ্জ উচ্চবিদ্যালয়, কচাকাটা ইউনিয়নের ইন্দ্রগড়, শৌলমারী, ধনিরামপুর, তরিরহাট, নারায়ণপুর ইউনিয়নের বালাহাট, ঢাকঢহর, পাখিউড়া, মাঝিআলী, কুলামুয়া, চৌদ্দঘুুড়ি, নুনখাওয়া বাজার, বোয়ালমারী গ্রাম হুমকির মুখে রয়েছে। গত ১৫ দিনে বামনডাঙ্গা ইউনিয়নের ওয়াপদা বাজার, পাঁচমাথা, আনছারহাট, দামালগ্রাম, কেদার ইউনিয়নের চর বালাবাড়ী, চর নুছনী, একতা বাজার, কালীগঞ্জ ইউনিয়নের শালমারা, মাঝিপাড়া, রায়গঞ্জ ইউনিয়নের বড়বাড়িসহ বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে। ভাঙনকবলিত পরিবারগুলো বাঁধ ও রাস্তায় আশ্রয় নিয়েছে। পাউবোর কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, রাজীবপুরে ভাঙনরোধে বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে। এখনো টাকা পাওয়া যায়নি। তবে ওই উপজেলায় বাঁশের পাইলিং করে এবং বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল হক জানান, নদীভাঙনে সর্বস্ব হারানো মানুষের সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।