রাজীবপুর সীমান্তে আবার ভারতীয় হাতির তাণ্ডব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রাজীবপুর সীমান্তে ভারতীয় বুনো হাতির পাল তাণ্ডব চালিয়েছে। বুনো হাতির পাল সীমান্তবর্তী মিয়াপাড়া ও বাউলপাড়ার প্রায় ১০০ একর জমির ভুট্টা ও গম নষ্ট করেছে। গত শনিবার সন্ধ্যা থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত ওই সব এলাকায় এ তাণ্ডব চলে।
রাজীবপুরের মিয়াপাড়া গ্রামের স্কুলশিক্ষক নুরুজ্জামান লিটন বলেন, সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের তুরা পাহাড়। ওই পাহাড়ের পাদদেশে কালার চর। সেখান থেকে শনিবার সন্ধ্যা সাতটার দিকে ৪০টির মতো হাতির একটি দল গ্রামে ঢোকে। ভুট্টা ও গমের ফসলের ক্ষতি করে। হাতির ভয়ে গ্রামের বাসিন্দারা রাত জেগে থাকে। তারা আগুন জ্বালিয়ে রাখে।
রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল আলম বলেন, ‘হাতি অনেক ক্ষতি করেছে। লোকজন জাগনা পেয়ে আগুন জ্বালায় রাখে। হাতির পাল ভোরের দিকে চলে যায়।’