রাজীবপুরে তিন ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন গত সোমবার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, রাজীবপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী কামরুল আলম বিজয়ী হন। তাঁর প্রাপ্ত ভোট ৭ হাজার ১৩৪টি। আওয়ামী লীগের প্রার্থী গোলাম কিবরিয়া পেয়েছেন ৬ হাজার ৯৫৫ ভোট।

কোদালকাটি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হুমায়ুন কবির ছক্কু বিএনপির প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন। তাঁর প্রাপ্ত ভোট ৫ হাজার ৩৯৮টি এবং বিএনপির প্রার্থী ছফের আলী পেয়েছেন ৩ হাজার ৬৯২ ভোট। 

মোহনগঞ্জ ইউনিয়নে জেপি (মঞ্জু) মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন বাইসাইকেল প্রতীক নিয়ে আওয়ামী লীগ-মনোনিত প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন। তাঁর প্রাপ্ত ভোট ৭ হাজার ৭২৫। আওয়ামী লীগের প্রার্থী আবদুল বারী সরকার পান ৩ হাজার ৯০ ভোট।

রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল কুদ্দুস সরকার বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে। প্রত্যেক ভোটার তাঁর পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন।