রাজীবপুরে সীমান্ত হাট বন্ধ এক মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজীবপুর সীমান্ত হাট সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই এক মাস ধরে বন্ধ রয়েছে। হাট ব্যবস্থাপনা কমিটিও জানে না, কী কারণে হাট বসছে না। এতে বাংলাদেশি ক্রেতা ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।
রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ খান বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। আমাদের না জানিয়ে ভারতীয় কর্তৃপক্ষ হাট বন্ধ রেখেছে। আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। আগামী বুধবারও হাট বসবে কি না, তা জানি না।’
হাট ব্যবস্থাপনা কমিটি সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ সিদ্ধান্তে ২০১১ সালের ১৬ জুলাই উপজেলার বালিয়ামারী এলাকার পাশে ভারত ও বাংলাদেশ সীমান্তের মধ্যবর্তী স্থানে সোনাভরি নদের তীরে সীমান্ত হাট চালু করা হয়। ৭৫ মিটার জমির ওপর চালু করা এই হাটে আটটি শেড রয়েছে। এই হাটে ভারত ও বাংলাদেশের ১৬টি পণ্য বিক্রি হয়। সপ্তাহের প্রতি বুধবার এখানে হাট বসে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বালিয়ামারী কোম্পানি কমান্ডার সুবেদার খন্দকার আলতাফ হোসেন বলেন, ‘গত ৪ সেপ্টেম্বর বুধবার সকালে জানতে পারি, হাটে ভারতীয় ব্যবসায়ীরা আসছেন না। আমরা তাৎক্ষণিকভাবে ভারতের মেঘালয় রাজ্যের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কালাইর চর ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করি। তারা হরতাল, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীসহ নানা অজুহাত দেখিয়ে বলে, “আজ হাট বসবে না।” এরপর চার সপ্তাহ ধরে হাট বসছে না। হাট বন্ধ রাখার সঠিক কোনো কারণও তারা জানাচ্ছে না।’
একাধিক সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, বিএসএফের সঙ্গে ভারতের ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিএসএফের বাধার কারণে তাঁরা মালামাল নিয়ে হাটে আসতে পারছেন না। বাংলাদেশি ক্রেতা মজিবর রহমান ও মিজানুর রহমান জানান, হাট না বসলে ভারতীয়দের কোনো সমস্যা নেই। সমস্যা বাংলাদেশি ক্রেতাদের। কারণ, ভারতীয় আদা, লেবু ও ফল কেনার জন্য অনেক বাংলাদেশি ক্রেতা ভারতীয় ব্যবসায়ীদের অগ্রিম টাকা দিয়ে রেখেছেন। হাট না বসায় তাঁরা ওই সব পণ্য পাচ্ছেন না। সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি আখতার হোসেন জানান, ভারতীয় কর্তৃপক্ষ হাট বন্ধ রাখার বিষয়ে তাঁদের লিখিতভাবে কিছুই জানায়নি।