রাজীবের মৃত্যু: অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজীব হোসেন। ফাইল ছবি
রাজীব হোসেন। ফাইল ছবি

দুই বাসের চাপায় তিতুমীর কলেজের ছাত্র রাজীবের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেছে বাদীপক্ষ। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই লিখিত নারাজি আবেদন করেন নিহত রাজীবের মামা জাহিদুল ইসলাম।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী আগামী ১ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন।

নারাজি আবেদনে বলা হয়েছে, সঠিকভাবে তদন্ত না করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী। মামলার প্রয়োজনীয় ব্যক্তিকে সাক্ষী না করে এই প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। রাজীব আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহবাগ থানায় এজহার করেন। আর ওই এজহার থানায় নিয়ে যান তাঁর চাচা জাকির হোসেন। কিন্তু জাকিরকে এই মামলায় সাক্ষী করা হয়নি।

নিহত রাজীবের খালা জাহানারা বেগম প্রথম আলোকে বলেন, এই মামলায় পুলিশ সঠিকভাবে তদন্ত না করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। সঠিকভাবে তদন্ত করলে দণ্ডবিধির ৩০৪-খ ধারায় অভিযোগপত্র হতো না। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ ধারায় অভিযোগপত্র দেওয়া হোক। জাহানারা বেগম আরও বলেন, যাদের কারণে রাজীব মারা গেল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মামলায় অধিকতর তদন্ত চান তিনি।

বাদীপক্ষের আইনজীবী ছিলেন প্রকাশ রঞ্জন বিশ্বাস। গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতে দুই আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪-খ ধারায় অভিযোগপত্র দেওয়া হয়।

অভিযোগপত্রভুক্ত আসামি হলেন বিআরটিসির বাসচালক ওয়াহেদ সরদার ও স্বজন পরিবহনের বাসচালক খোরশেদ আলম। দুই বাসচালক এখন জামিনে আছেন।

২০১৮ সালের ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজের স্নাতকের (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন (২১)। হাতটি বেরিয়ে ছিল সামান্য বাইরে। হঠাৎ করেই পেছন থেকে একটি বাস বিআরটিসির বাসটিকে পেরিয়ে যাওয়ার বা ওভারটেক করার জন্য বাঁ দিকে ঘেঁষে পড়ে। দুই বাসের প্রবল চাপে রাজীবের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শমরিতা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রাজীবকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সাময়িক উন্নতির পর ১৬ এপ্রিল থেকে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। ওই দিন দিবাগত রাত পৌনে একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজীব হোসেন।

এই মৃত্যুর ঘটনায় হাইকোর্ট রাজীবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছিলেন বিআরটিসি ও স্বজন পরিবহনকে। দুই বাস কর্তৃপক্ষ আপিল করলে উচ্চ আদালত মৃত্যুর কারণ নিরূপণে তদন্ত কমিটি গঠন করতে বলেন। বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মিজানুর রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। হাইকোর্টে জমা দেওয়া কমিটির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার জন্য স্বজন পরিবহনের বেপরোয়া চালনাই দায়ী। হালকা যানের চালককে দিয়ে ডাবল ডেকার চালানোর জন্য বিআরটিসিরও দায় রয়েছে।