
সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার পলাতক আসামি মো. জাকির হোসেন ওরফে রাজুর বাড়িতে গতকাল বুধবার সকালে গিয়ে জব্দ করার মতো কোনো মালামাল পায়নি পুলিশ।
গত সোমবার এ মামলার অভিযোগপত্র গ্রহণ করে আদালত পলাতক তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও সম্পত্তি জব্দের নির্দেশ দেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘সকালে পুলিশের একটি দল রাজুদের সুনামগঞ্জের দিরাই পৌরসভার ঘাগটিয়া এলাকার বাড়িতে অভিযান চালায়। কিন্তু সেখানে জব্দ করার মতো কিছুই পাওয়া যায়নি। আমরা এলাকাবাসীর মাধ্যমে নিশ্চিত হয়েছি, আসামি ভবঘুরে স্বভাবের। তাঁর বাবা দিনমজুরি করে সংসার চালান। ওই বাড়িতে আসামির যাতায়াতও ছিল না।’
গত মঙ্গলবার দুপুরে পলাতক আসামি কামরুল ইসলাম ও তাঁর ভাই শামীম আহমদের বাড়ি থেকে মালামাল জব্দ করে পুলিশ।
পুলিশ সূত্র বলেছে, রাজুর পরিবারের সদস্যরা তাঁর মামার বাড়িতে আশ্রিত হিসেবে থাকেন। চার ভাইবোনের মধ্যে রাজু সবার বড়। তিনি সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকার একটি আইসক্রিম কারখানায় শ্রমিকের কাজ করতেন। গত ৮ জুলাই ওই এলাকাতেই চুরির মিথ্যা অপবাদ দিয়ে সবজি বিক্রেতা রাজনকে (১৪) পিটিয়ে হত্যা করা হয়। রাজনের লাশ গুম করার চেষ্টাকালে জনতার হাতে ধরা পড়েন একজন। পালিয়ে সৌদি আরব গিয়ে প্রবাসী বাংলাদেশিদের হাতে ধরা পড়েন এই হত্যাকাণ্ডের মূল হোতা কামরুল ইসলাম।