মাদারীপুরের রাজৈরে চলতি বছর এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ধর্ষণের বিচার দাবিতে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীতে মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী। তাঁরা অবিলম্বে ধর্ষণকারীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি জানান।
শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এ মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেন। তাঁরা অভিযোগ করেন, এই নিষ্ঠুর দুষ্কর্মের পরও আসামিরা অবাধে ঘুরে বেড়াচ্ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, গত ৩০ জানুয়ারি রাজৈর পাইলট হাইস্কুলের একজন ছাত্রী বাড়ি থেকে স্কুলে আসার পথে উপজেলার গোপালগঞ্জ এলাকায় দুর্বৃত্তদের কবলে পড়ে। তাঁদের দাবি, বদরপাশা গ্রামের ফেরদৌস শেখ, রোমান মিঞা ও অজ্ঞাত পরিচয় এক বখাটে অস্ত্রের মুখে জিম্মি করে ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করেন। পরে মেয়েটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা হাসপাতাল ও পরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। মেয়েটির বাবা গরিব একজন ভ্যানচালক।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী সোহাগ হাওলাদার, কাজল সরকার, সজল বৈদ্য, বিবেকানন্দ পাল, শাওন হাওলাদার, অজয় সরকার, সুমন বিশ্বাস জানান, ঘটনায় জড়িত তিনজনের বিরুদ্ধে পরে রাজৈর থানায় মামলা হয়। কিন্তু আসামিদের আত্মীয়স্বজন মেয়েটির পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন।
এদিকে রাজৈর থানার পুলিশ ১৭ ফেব্রুয়ারি আসামিদের মধ্যে একজন রোমান মিঞাকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে।