রাজ্জাক প্লাজা খুলে দেওয়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের বাসস্ট্যান্ড এলাকার রাজ্জাক প্লাজা বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে গতকাল রোববার খুলে দেওয়া হয়েছে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ফাটলের সংবাদ প্রচারের পর স্থানীয় উপজেলা প্রশাসন গত বুধবার ভবনটি সিলগালা করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির সপ্তম ও অষ্টম তলায় জুবিয়ান সোয়েটার এবং চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলায় আল-মুসলিম নামে একটি পোশাক কারখানা রয়েছে। এ ছাড়া প্রথম তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত বিপণিবিতান রয়েছে। সেখানে ২৮৭টি দোকান রয়েছে। ভবনটি বন্ধ করে দেওয়ায় এসব পোশাক কারখানার মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা অনিশ্চয়তার মধ্যে পড়েন।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় জানায়, সিলগালা করে দেওয়ার পর ভবনমালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক সৈয়দ ফখরুল আমিন ও ইশতিয়াক আহমেদ গত বৃহস্পতিবার ভবনটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তাঁরা ভবন সম্পর্কে প্রাথমিক একটি প্রতিবেদন দেন। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই গতকাল ভবনটি খুলে দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাজ্জাক প্লাজার অনুমোদিত আটতলা ভবনটি ঝুঁকিপূর্ণ নয়। তাই ভবনটি সিলগালা করার কোনো প্রয়োজন নেই। তবে অষ্টম তলার ওপরে ইটের দেয়াল আর টিনের চালা দিয়ে নির্মিত ক্যানটিনের দেয়ালে ফাটল রয়েছে। শিগিগরই তা অপসারণের পরামর্শ দেওয়া হয়েছে।

ইউএনও কামরুল হাসান মোল্লা বলেন, বিশেষজ্ঞ দলের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে ভবনটি ত্রুটিমুক্ত বলায় তা খুলে দেওয়া হয়েছে।