রাজ্জাককে আনতে কাল বা পরশু পতাকা বৈঠক

পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে মিয়ানমার সরকারের পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) পাঠানো চিঠির জবাব দিয়েছে বাংলাদেশ। আজ বুধবার বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ওই চিঠির জবাব দেন। বিজিবির অপহৃত নায়েক আবদুর রাজ্জাককে ফেরত আনতে কাল বা পরশু একটি পতাকা বৈঠক হবে বলেও জানান তিনি।
মিয়ানমারের মংডুতে পতাকা বৈঠকের প্রস্তাব দিয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিজিবিকে এই চিঠি পাঠায়।
মেজর জেনারেল আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, মিয়ানমারের চিঠির জবাব পাঠানো হয়েছে। মিয়ানমারের মংডুতে পতাকা বৈঠকটি হবে। বাংলাদেশের পক্ষ থেকে ছয়জনের একটি প্রতিনিধিদল সেখানে যাবে বলে ওই চিঠিতে জানানো হয়। বৈঠকে বিজিবির অপহৃত নায়েক আবদুর রাজ্জাককে হাজির করা হবে। তাঁর যেসব জিনিস তারা নিয়েছে, তাও ফেরত দেবে মিয়ানমার। বৈঠকটি কাল বা পরশু হবে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়, ১৭ জুন ভোরে বিজিবির ছয় সদস্যের একটি দল নায়েক আবদুর রাজ্জাকের নেতৃত্বে নাফ নদীতে টহল দিচ্ছিল। তারা বাংলাদেশের জলসীমায় মাদক চোরাচালান সন্দেহে দুটি নৌকায় তল্লাশি করছিল। এ সময় মিয়ানমারের রইগ্যাদং ক্যাম্পের বিজিপির সদস্যরা একটি ট্রলারে করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। একপর্যায়ে বিজিপির সদস্যদের বহনকারী ট্রলারটি বিজিবির টহল নৌযানের কাছে এসে থামে। বিজিপির ট্রলারটিকে বাংলাদেশের জলসীমা ছেড়ে যেতে বলা হলে তারা নায়েক রাজ্জাককে জোর করে ট্রলারে তুলে নেয়। বিজিবির অন্য সদস্যরা এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে সিপাহি বিপ্লব কুমার গুলিবিদ্ধ হন। পরে বিজিপির ট্রলারটি রাজ্জাককে নিয়ে মিয়ানমারের দিকে চলে যায়।