এ রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠায় আবদুর রাজ্জাকের অবদান ছিল অসামান্য। রাষ্ট্রের দায়িত্ব ছিল তাঁর কষ্ট লাঘব করা। কিন্তু তা হয়নি। তাই আজ শুধু শোক নয়, ক্ষোভ প্রকাশের দিন।আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুর রাজ্জাকের শোকসভায় ছাত্রলীগের সাবেক নেতারা এভাবে ক্ষোভ প্রকাশ করেন। সরকারের প্রতি তাঁদের প্রশ্ন, আবদুর রাজ্জাকের মতো ত্যাগী নেতাকে মন্ত্রী না করুন। কিন্তু তাঁকে অসম্মান করা হলো কেন।ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন আয়োজিত এই শোকসভায় আবদুর রাজ্জাকের একসময়ের রাজনৈতিক সঙ্গীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধের এই সংগঠককে শেষ জীবনে সঠিক সম্মান জানানো হয়নি।সভার শুরুতে প্রথমে ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতা বর্তমান সরকারের সমালোচনা করেন। তাঁদের উদ্দেশে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, ‘কোনো বক্তব্য থাকলে আমরা দলীয় ফোরামে বা ব্যক্তিগতভাবে বলতে পারব। এখানে এমন কোনো মন্তব্য করা উচিত হবে না, যাতে বিরোধীরা সুযোগ পায়।’ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, রাজ্জাক দেশের মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে দেশ, জাতিকে ভালো-বেসেছিলেন। যে কারণে মানুষ তাঁকে এত সম্মান দিয়েছে। প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী বলেন, ‘আমরা খুঁজছি গণতন্ত্র কোথায়? সংসদে নেই, সংগঠনে নেই, দলের অভ্যন্তরেও নেই।’ তিনি আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বলেন, ভুলকে ভুল, ন্যায়কে ন্যায় বলতে না পারলে ভবিষ্যতে অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। ছাত্রলীগের আরেক সাবেক নেতা মাহমুদুর রহমান মান্না স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় আবদুর রাজ্জাকের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘এত ত্যাগের পর যে রাষ্ট্রের জন্ম, সে রাষ্ট্রের এত হীনম্মন্যতা কেন? তাঁকে মন্ত্রী নাও বানাতে পারেন। কিন্তু তাঁকে অসম্মান করবেন কেন?’ মান্না যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাস্তায় মানুষ নামিয়ে দেবেন। আর ভালো কৌঁসুলি নিয়োগ দেবেন না, এটা হতে পারে না। আপনাদের অর্বাচীনতার কারণেই যুদ্ধাপরাধীরা ফাঁক গলে বেরিয়ে যাবে।’ শোকসভায় ছাত্রলীগের সাবেক নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন সৈয়দ মাযহারুল হক বাকী, খালেদ মোহাম্মদ আলী, রাফিয়া আক্তার প্রমুখ।