রাজ্জাকের কার্যালয়ে পুলিশের তল্লাশি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতাদের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাকের কার্যালয়ে গতকাল শনিবার সন্ধ্যায় তল্লাশি চালিয়েছে পুলিশ। রাজধানীর নয়াপল্টনে সিটি হার্ট মার্কেটে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাকের আইন পেশার ব্যক্তিগত কার্যালয়। সেখানে গতকাল সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার নূরুন্নবীর নেতৃত্বে এক দল পুলিশ ঢুকে তল্লাশি চালায়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এ সময় আবদুর রাজ্জাক তাঁর সহযোগী আইনজীবীদের নিয়ে বৈঠক করছিলেন। পুলিশ ঢুকে আইনজীবী মতিউর রহমান আখন্দ ও ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদকে খুঁজতে থাকে। আবদুর রাজ্জাক তখন পুলিশকে জানান, মতিউর তাঁদের সঙ্গে বৈঠকে আছেন; কিন্তু শফিকুল নেই। তখন পুলিশ মতিউরকে গ্রেপ্তার করতে চায়। তখন আবদুর রাজ্জাক পুলিশকে জানান, মতিউর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিবাদীপক্ষের আইনজীবী দলের সদস্য। পুলিশ আসামিপক্ষের আইনজীবীদের হয়রানি করতে চায় কি না, তিনি তা জানতে চান। পরে পুলিশ ‘ওপরে কথা বলে দেখি’ বলে কাউকে গ্রেপ্তার না করে বের হয়ে যায়। ওই চেম্বারের আরেক আইনজীবী তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, কয়েকজন পুলিশ ভেতরে ঢুকলেও মার্কেটের সিঁড়িতে শতাধিক পুলিশ অবস্থান করছিল। কী অভিযোগে তারা মতিউর ও জামায়াত নেতা মাসুদকে গ্রেপ্তার করতে এসেছিল, তা পরিষ্কার নয়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, একটি মামলার আসামিকে গ্রেপ্তারের জন্য সেখানে অভিযান চালানো হয়েছিল। তবে তাঁকে পাওয়া যায়নি। তিনি আসামির নাম বলেননি।