রাজ্জাকের বিষয়ে মিয়ানমারের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নায়েক আবদুর রাজ্জাক
নায়েক আবদুর রাজ্জাক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অপহৃত নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দেওয়ার বিষয়ে বৈঠকের বসতে রাজি জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। চিঠিতে রাজ্জাককে ফেরতের বিষয়ে পতাকা বৈঠকের দিন নির্ধারণের পাশাপাশি বিজিবির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নাম জানাতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে বিকেলে ৪২ বিজিবির সদর দপ্তরে এ চিঠি পাঠানো হয় বলে কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান প্রথম আলোকে জানান।
গত ১৭ জুন নায়েক রাজ্জাক মিয়ানমারের বিজিপির হাতে অপহৃত হন।
এ ব্যাপারে টেকনাফে ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁর কোন বক্তব্য পাওয়া যায়নি।
এম এম আনিসুর রহমান প্রথম আলোকে জানান, মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে থিন কো কো স্বাক্ষরিত একটি চিঠি মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে পাঠিয়েছেন। চিঠিতে নায়েক রাজ্জাককে ফেরতের বিষয় নিয়ে পতাকা বৈঠকের জন্য দিন, তারিখ নির্ধারণের পাশাপাশি পাঁচ সদস্যের বিজিবির প্রতিনিধি দলে কারা থাকবেন তা জানাতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বৈঠক অনুষ্ঠিত হবে মিয়ানমারের মংডু শহরে।

এ দিকে মঙ্গলবার রাত আটটা পর্যন্তও পতাকা বৈঠকে বিজিবির কারা অংশ নেবেন সে ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।

বিজিবির পক্ষ থেকে বলা হয়, ১৭ জুন ভোরে বিজিবির ছয় সদস্যের একটি দল নায়েক আবদুর রাজ্জাকের নেতৃত্বে নাফ নদীতে টহল দিচ্ছিল। তারা বাংলাদেশের জলসীমায় মাদক চোরাচালান সন্দেহে দুটি নৌকায় তল্লাশি করছিল। এ সময় মিয়ানমারের রইগ্যাদং ক্যাম্পের বিজিপির সদস্যরা একটি ট্রলারে করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেন। একপর্যায়ে বিজিপির সদস্যদের বহনকারী ট্রলারটি বিজিবির টহল নৌযানের কাছে এসে থামে। বিজিপির ট্রলারটিকে বাংলাদেশের জলসীমা ছেড়ে যেতে বলা হলে তারা নায়েক রাজ্জাককে জোর করে ট্রলারে তুলে নেয়। বিজিবির অন্য সদস্যরা এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে সিপাহি বিপ্লব কুমার গুলিবিদ্ধ হন। পরে বিজিপির ট্রলারটি রাজ্জাককে নিয়ে মিয়ানমারের দিকে চলে যায়।