রাজ্জাকের সাপের খামার, নতুন সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের তরুণ আবদুর রাজ্জাক একটি সাপের খামার গড়ে তুলেছেন। ‘বাংলাদেশ স্নেক ভেনম’ নামের ওই খামারে পালন করা হচ্ছে নানা প্রজাতির বিষধর সাপ। সাপের বিষ রপ্তানির উদ্যোগ নেওয়ার কথা সরকার ঘোষণা করার পর অনুপ্রাণিত হয়ে রাজ্জাক খামারটি গড়ে তোলেন।

খামার থেকে প্রতি মাসে কয়েক কোটি টাকার বিষ উৎপাদন করা সম্ভব বলে তরুণ এই উদ্যোক্তা জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত সরকারি অনুমোদন না পাওয়ায় বিষ উৎপাদনসহ বাণিজ্যিক কার্যক্রমে যেতে পারছেন না তিনি।

নন্দীপাড়া গ্রামের রাজ্জাক ১৯৯৯ সালে এইচএসসি পাস করার পর সৌদি আরবে যান। সেখানে একটি স্টুডিওতে তিনি চাকরি নেন। অবসরে বিভিন্ন টিভি চ্যানেলে সাপ ধরা ও পালনের পদ্ধতি দেখে সময় কাটত তাঁর। একপর্যায়ে সাপের খামার গড়ার চিন্তা মাথায় আসে। ২০০৮ সালে ছুটি নিয়ে দেশে আসেন। সে সময় সরকার বেসরকারিভাবে সাপের বাণিজ্যিক খামার স্থাপনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। রাজ্জাক বাণিজ্যিক ভিত্তিতে সাপের খামার স্থাপনের উদ্যোগ নেন।

সাপের বিষ বিদেশে রপ্তানির জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় একটি প্রকল্প হাতে নিয়েছে। সরকার বেসরকারি উদ্যোগে সাপের বাণিজ্যিক খামার স্থাপনের জন্য ২০টি শর্ত দিয়ে ২০০৮ সালের নভেম্বরে একটি প্রজ্ঞাপন জারি করে।

রাজ্জাক তাঁর সাপের খামারটি নিবন্ধনের জন্য ২০১২ সালের ৭ নভেম্বর প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করেন। এখন পর্যন্ত খামারটি নিবন্ধন করা হয়নি। ২০১২ সালের ৩ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক তাঁর খামারটি পরিদর্শন করে একটি প্রত্যয়নপত্র দেন।

পটুয়াখালী সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সাবেক শিক্ষক পীযূষ কান্তি হরি বলেন, এটি একটি সাহসী ও ব্যতিক্রমী উদ্যোগ। সরকার পৃষ্ঠপোষকতা করলে এটি অর্থনীতি ও ওষুধশিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।