রাজ্য সরকারগুলোর সংশয় দূর করার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত বিল সংসদে পেশ করার আগে এই চুক্তি রূপায়ণ নিয়ে বিভিন্ন রাজ্য সরকারের সংশয় ও আশঙ্কা দূর করা হবে। কেন্দ্রীয় সূত্রে গতকাল বুধবার এ তথ্য জানা গেছে। এই লক্ষ্যে আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিদের সঙ্গে পররাষ্ট্র ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ অফিসারেরা বৈঠকে বসছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালেই এই বিল কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হয়। বিলটি কখনো প্রত্যাহার করে নেওয়া হয়নি। তাই নতুন করে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের প্রয়োজনও নেই। কিন্তু যেহেতু সরকারের পরিবর্তন ঘটেছে, তাই সংসদে বিল পেশ করার আগে মন্ত্রিসভায় একটু পর্যালোচনা করা হতে পারে।
বিল নিয়ে সংশয় ও আশঙ্কা সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের। বিলের বিরোধিতা করে আসা তৃণমূল কংগ্রেস বিলে সায় দেওয়ার সময় থেকেই পুনর্বাসনের বিষয়টি বড় করে তুলে ধরেছে। ছিটমহলবাসীর পুনর্বাসন ও উন্নয়নের যাবতীয় দায়িত্ব কেন্দ্রকে নিতে হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দাবি জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছিল। সেই কাজ কেন্দ্র কতটা করেছে তা রাজ্য সরকার জানতে আগ্রহ প্রকাশ করে।