রাডার ক্রয় মামলা: রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন ২২ জানুয়ারি
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে বিমানের রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আগামী ২২ জানুয়ারি তারিখ ধার্য করেছেন আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক আজ বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।
আজ এ মামলায় যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষ প্রস্তুত না থাকায় আইনজীবী মীর আহমেদ আলী সালাম সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন।
এ মামলার অন্য আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ ও সাবেক সহকারী প্রধান মমতাজ উদ্দিন আহমেদ আদালতে হাজির ছিলেন। অপর এক আসামি ইউনাইটেড ট্রেডার্সের পরিচালক এ কে এম মুসা পলাতক। তবে এরশাদের পক্ষে তাঁর আইনজীবী হাজিরা দেন।
১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো এ মামলা করে। তাতে অভিযোগ করা হয়, জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিমানবাহিনীর জন্য ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানির নির্মিত একটি উচ্চক্ষমতার ও দুটি নিম্নক্ষমতার রাডার ক্রয়ের প্রস্তাব অনুমোদিত হয়। কিন্তু পরবর্তী সময়ে এরশাদসহ অপর আসামিরা পরস্পরের যোগসাজশে ফ্রান্সের থমসনের রাডার না কিনে অনেক বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কিনে সরকারের ৬৪ কোটি চার লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতি করেন।
১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। ১৯৯৫ সালের ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।