রাত আটটার পর দোকান খোলা রাখায় যশোরে ১৭ জনকে জরিমানা
রাত আটটার পর দোকান খোলা রাখার দায়ে গত মঙ্গলবার রাতে যশোর শহরে অভিযান চালিয়ে ১৭ জন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাহাঙ্গীর নামের এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সোহরাব হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। র্যাব-পুলিশের একটি দল আদালতকে সহযোগিতা করে।এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার সকাল থেকে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে জেলা চেম্বার অব কমার্সের কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক মো. নূরুল আমিনের কাছে অভিযোগ জানান। এ সময় জেলা প্রশাসক ব্যবসায়ী জাহাঙ্গীরকে জামিনে মুক্তি দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়। পরে জেলা চেম্বার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চেম্বারের সহসভাপতি জাহিদ হাসান বলেন, ক্ষমতার অপব্যবহার করে ম্যাজিস্ট্রেট সোহরাব ব্যবসায়ীদের হয়রানি করছেন। সম্মেলনে ওই ম্যাজিস্ট্রেটকে অপসারণের দাবি জানানো হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, আইনের বাইরে কিছুই করা হয়নি।