রাত জাগা পাহারায় কমল চুরি ছিনতাই মাদক সেবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি-ছিনতাই, মাদক সেবন ও মাদক ব্যবসা ঠেকাতে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় রাত জেগে পাহারা দেওয়া হচ্ছে। এই পাহারার কারণে ওই এলাকায় ছিনতাই ও মাদক সেবনের প্রবণতা কমে গেছে। এ ছাড়া ছয়টি জুয়ার আসর বন্ধ হয়েছে।
এলাকায় চুরি-ছিনতাই, মাদক সেবন ও মাদক ব্যবসা প্রতিরোধে মাস তিনেক আগে ‘নাজির শংকরপুর শান্তিশৃঙ্খলা রক্ষা কমিটি’ নামে ৬১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির উদ্যোগে ৩০ জন প্রতি রাতে নয়টি দলে ভাগ হয়ে পাহারা দিচ্ছেন। কমিটির সভাপতি খন্দকার রশিদুজ্জামান জানান, মাস তিনেক আগেও নাজির শংকরপুর এলাকার কোল্ড স্টোরের মোড়, আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়, মাঠপাড়া, চাতাল মোড় ও শান্তিনগর এলাকায় প্রতিরাতেই দু-একটি চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটত। পরে এলাকার লোকজন একত্র হয়ে রাতে পাহারা দেওয়া ব্যবস্থা করেন। এখন চুরি-ছিনতাই নেই বললেই চলে।
জিরো পয়েন্ট মোড়ের চায়ের দোকানদার বাবলু শেখ জানান, শান্তি কমিটির লোকজন পাহারা দেওয়ার পর থেকে এলাকায় চুরি-ছিনতাইয়ের খবর পাইনি।
শান্তিশৃঙ্খলা কমিটির দপ্তর সম্পাদক ওবায়দুর রহমান জানান, এ এলাকায় অচেনা যুবকদের খুব আনাগোনা ছিল। তারা মোটরসাইকেল নিয়ে মাদক সেবনের জন্য আসত। জুয়ার আসরেও তাদের দেখা যেত। পাহারা শুরুর আগে জরিপ চালিয়ে এলাকার প্রতিটি পরিবারে তথ্য সংগ্রহ করা হয়েছে। পাহারার আওতায় মোট এক হাজার পরিবার রয়েছে। তালিকাভুক্ত পরিবারের সদস্যের বাইরে সন্দেহভাজন কাউকে সন্ধ্যার পর এলাকায় দেখলে তাদেরকে অনুসরণ করা হয়। কোন বাড়িতে তারা যাচ্ছে, কী করছে তা দেখা হয়। এ কারণে এলাকায় মাদক সেবন ও ব্যবসা বন্ধ হয়েছে। দুজন মাদক ব্যবসায়ী ইতিমধ্যে ‘মাদকের ব্যবসা আর করবেন না’ মর্মে ১৫০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করে তাঁরা ইজিবাইক চালানো শুরু করেছেন।
কমিটি সূত্রে জানা গেছে, যাঁরা রাতে পাহারা দেন, তাঁদের কাছে একটি করে টর্চ লাইট ও বাঁশি দেওয়া হয়। নাশতা করার জন্য তাঁদেরকে কিছু টাকাও দেওয়া হয়। এসব খরচ নির্বাহের জন্য এক হাজার পরিবারের প্রত্যেকের কাছ থেকে ২০ থেকে ৫০ টাকা করে মাসে তোলা হয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই এলাকায় মোট ছয়টি জুয়ার আসর ছিল। এর মধ্যে নাজির শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে দুটি, জিরো পয়েন্টের রিকশার মেসে একটি ও চাতাল মোড়ে তিনটি আসর বসত। পাহারা দেওয়ার পর থেকে এসব আসর বসা বন্ধ হয়ে গেছে।
পুলিশ সুপারের কার্যালয় থেকে জানা গেছে, ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৪-এর জানুয়ারি পর্যন্ত সদর উপজেলায় ১০৬টি চুরি ও ৩৭টি ছিনতাইয়ের মামলা নথিভুক্ত হয়েছে। বেশির ভাগ ঘটনা ঘটেছে রেললাইনের আশপাশের এলাকায়। প্রকৃত অর্থে চুরির চেয়ে ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটলেও ভুক্তভোগীরা মামলা করেননি।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, ‘নাজির শংকরপুর এলাকাটি রেললাইন এলাকায় হওয়ায় সেখানে অপরাধ প্রবণতা একটু বেশি। যে কারণে স্থানীয় লোকজনের উদ্যোগে রাতে পাহারা দেওয়া হচ্ছে। তাঁদেরকে স্বাগত জানিয়েছি।’