রাত জেগে চট্টগ্রামকে 'সুন্দর' রাখেন তাঁরা

দীপালি দাস। চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন প্রায় পাঁচ বছর। তাঁর স্বামী হরিচাঁদ দাসও একই পেশায় আছেন। নতুন সময়সূচি অনুযায়ী দীপালি আর তাঁর স্বামীকে এখন রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত শহর পরিচ্ছন্নতার কাজ করতে হয়। দেখাশোনার কেউ না থাকায় ছোট দুই সন্তানকে ঘরেই তালা মেরে কাজে বের হন তাঁরা।
রাতের বেলায় এভাবে তালা মেরে বের হতে মন সায় দেয় না দীপালির। কিন্তু কী করবেন! তিন বেলা খাবার আর সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে চাকরি ছাড়ার কথাও ভাবতে পারেন না। দীপালি বলেন, ‘কাজ করতে করতে সব সময় বাচ্চাদের কথা ভাবি, ভয়ও হয়। কিন্তু উপায় নেই। একজনের খরচে তো সংসার চলে না।’
নগরকে পরিচ্ছন্ন করতে পুরুষ পরিচ্ছন্নতাকর্মীর পাশাপাশি রাত জেগে কাজ করছেন দীপালির মতো চট্টগ্রাম সিটি করপোরেশনের আরও ৩৬০ জন নারী কর্মী। নিরাপত্তাহীনতার ভয় আর নানা প্রতিকূলতাকে পাশ কাটিয়ে জীবিকার তাগিদে প্রতিদিন কাজে নামছেন তাঁরা।
চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনে পরিচ্ছন্নতাকর্মীর সংখ্যা ১ হাজার ৮০০। এর মধ্যে নারী কর্মীর সংখ্যা ৩৬০ জন। নগরের ৪১টি ওয়ার্ডে পুরুষ কর্মীর পাশাপাশি কাজ করছেন তাঁরা। মূলত রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ করেন তাঁরা।
কাজে ফাঁকি দেওয়ার অভিযোগে গত ছয় মাসে প্রায় ৮০ জন পরিচ্ছন্নতাকর্মী চাকরিচ্যুত হয়েছেন। কিন্তু নারী কর্মীদের বিরুদ্ধে কাজে ফাঁকি দেওয়ার অভিযোগ নেই বললেই চলে। এ বিষয়ে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা-বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন প্রথম আলোকে বলেন, নারী কর্মীরা কাজে মনোযোগী ও দক্ষ। তাঁদের ওপর খুব একটা নজরদারি করতে হয় না।
রাত জেগে কাজ, রাস্তাও থাকে সুনসান। সে কারণে একধরনের ভয় কাজ করে নারী কর্মীদের মধ্যে। শৌচাগারের ব্যবস্থা না থাকাটাও নারী পরিচ্ছন্নতাকর্মীদের একটি বড় সমস্যা।
প্রায় দুই যুগ ধরে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীর কাজ করে যাচ্ছেন লক্ষ্মী দাস। তিনি আর বড় ছেলে মিলে সাতজনের পরিবারের খরচ জোগাচ্ছেন। চকবাজার গুলজার এলাকা থেকে আসকারদীঘিপাড় পর্যন্ত ঝাড়ু দেওয়ার দায়িত্ব তাঁর। লক্ষ্মী বলেন, রাতে কাজ করতে কিছুটা ভয় কাজ করে।
অবশ্য সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা-বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শৈবাল দাশ বললেন, নারী কর্মীদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়। তাঁদের ছোট ছোট দলে ভাগ করে কাজে পাঠানো হয়। প্রতিটি দলে নারীদের সঙ্গে একজন পুরুষ পরিচ্ছন্নতাকর্মীও কাজ করেন। প্রধানত মূল সড়ক ও আলো আছে এমন জায়গাগুলোতে নারীদের কাজে পাঠানো হয়।
কাজ শেষে ঘরে ফেরার পর সন্তান আর সংসার সামলানোর দায়িত্বও এই নারীদের। তাই ভোরে ঘরে ফিরে পর্যাপ্ত ঘুমেরও সুযোগও অনেকের মেলে না। দুই যুগ ধরে এ পেশায় থাকা বালো দাস বলেন, সারা রাত কাজ করে ভোরে বাড়ি ফিরে ঘুমানোর চেষ্টা করি। কিন্তু তখন তো পুরো কলোনিই সজাগ। ভালো ঘুম হয় না। কিন্তু চাকরি বলে কথা। রাত-দিন যখনই হোক, কাজ তো করে যেতে হবে।