রাত পোহানোর আগেই স্পিডব্রেকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত পোহানোর আগেই রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে স্পিডব্রেকার পুনঃস্থাপন করা হয়েছে। গত সোমবার রাত ১২টার পর কাজ শুরু হয়। রাত দুইটার দিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির টেলিফোনে স্পিকার আবদুল হামিদকে স্পিডব্রেকার তৈরির কাজ সম্পন্ন হওয়ার কথা জানান। স্পিডব্রেকার পুনঃস্থাপনে বিলম্ব হওয়ায় সংসদ অধিবেশন চলাকালে গত সোমবার ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্পিকার আবদুল হামিদ। তিনি বলেন, স্পিডব্রেকার না থাকায় ন্যামভবন থেকে সংসদে যাতায়াতের সময় বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে হয়। সড়ক উন্নয়নকাজ করার সময় স্পিডব্রেকার তুলে দেওয়া হয়। তিনি আরও বলেন, সংসদ অধিবেশন শুরু হওয়ার চার দিন আগে এ বিষয়ে ডিসিসির দৃষ্টি আকর্ষণ করে প্রতিকারের কথা বলা হয়েছে। অথচ এর প্রতিকার হয়নি।স্পিকার অবিলম্বে সংসদ ভবনের সামনে স্পিডব্রেকার, ট্রাফিক সার্জন ও ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানান। গতকাল মঙ্গলবার স্পিকারের ক্ষোভের বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ হয়। জানা যায়, সংসদে স্পিকার ক্ষোভ প্রকাশের পর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট ব্যক্তিদের রাতের মধ্যে স্পিডব্রেকার নির্মাণের নির্দেশ দেন। এ কাজের আয়োজন তাৎক্ষনিক শুরু হয় । ঢাকা সিটি করপোরেশনের উদ্যোগে শ্রমিক ও নির্মাণ সামগ্রী জড়ো করা হয়। রাত ১২টার পর হুইপ মুজিবুল হককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। জানতে চাইলে জাহাঙ্গীর কবির প্রথম আলোকে বলেন, সংসদ ভবন ও ন্যামভবনের মধ্যে ফুট ওভারব্রিজ নির্মাণ করা হবে। বয়স্ক অনেকে ফুট ওভারব্রিজে উঠতে পারবেন না। এ জন্য ওভারব্রিজের সঙ্গে লিফট সংযোজনের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। মঙ্গলবার সকালে অনেকেই নতুন স্পিডব্রেকার দেখে বিস্ময় প্রকাশ করেন। কেউ কেউ মন্তব্য করেন, সব কাজ যদি এমন জরুরিভাবে হতো।