ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের সেবা নিয়ে রোগী ও স্বজনদের তেমন কোনো ক্ষোভ নেই। সরকারি হাসপাতালের তুলনায় বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন চারপাশ। নার্স, চিকিৎসকদের ব্যবহারও ভালো। ক্ষোভ একটাই, তা হলো রাত সাড়ে আটটায় হাসপাতাল ভবনের লিফট বন্ধ করে দেওয়া হয়। চালু করতে করতে সকাল আটটা বেজে যায়।
গত রোববার রাত সাড়ে আটটায় মিরপুর ১৪ নম্বরে অবস্থিত হাসপাতাল ভবনে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগের সত্যতা মেলে। হাসপাতালের একজন কর্মচারী হন্তদন্ত হয়ে এসে দেখলেন লিফট বন্ধ হয়ে গেছে। একটুর জন্য লিফট ধরতে পারলেন না। কিছুক্ষণ নিজের মনে গজগজ করলেন। তারপর তাঁর গন্তব্য ছয়তলার দিকে হাঁটা দিলেন। রোগীর আত্মীয়স্বজনদের কয়েকজনেরও একই অবস্থা দেখা গেল।
নাম প্রকাশে অনিচ্ছুক রোগীর সঙ্গে থাকা একজন তাঁর অভিজ্ঞতার কথা উল্লেখ করে জানালেন, তাঁর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সাততলায় পেয়িং বেডে ভর্তি তিনি। চিকিৎসক জানালেন, দ্রুত একটি ইনজেকশন দিতে হবে এবং তা বাইরে থেকে কিনতে হবে। তখন বাজে সকাল সাতটা। লিফট বন্ধ। ফলে দৌড়ে নেমে ইনজেকশন নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে হয়। ততক্ষণে রোগীর চেয়ে নিজেরই জীবন বের হওয়ার অবস্থা।
আরেক রোগীর স্বজন জানালেন, অস্ত্রোপচারের পর রোগীকে ডাল-ভাতসহ স্বাভাবিক মানুষের খাবার দেওয়া হয়েছে। তবে রোগীকে দিতে হবে নরম তরল খাবার। ফলে তা হাসপাতালের বাইরে থেকে না এনে উপায় নেই। পবিত্র রমজানে নিজে ইফতার করে রাতের খাবার নিয়ে হাসপাতালে পৌঁছাতে একটু সময় লাগে। কিন্তু প্রতিদিনই খাবার নিয়ে হেঁটে যেতে হচ্ছে। হাসপাতালের লিফট কেন বন্ধ থাকবে, তা তাঁরও প্রশ্ন। সাততলা ভবনের নিচে পাশাপাশি দুটি লিফট। লিফটের চারপাশ টাইলস বসানো। একটি লিফট হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী ও অন্যদের জন্য। আরেকটি রোগী ও তাঁর স্বজনদের জন্য। তবে বেশ কয়েক দিন ধরে রোগী ও স্বজনদের জন্য লিফটটি বন্ধ। তাই অন্য লিফটেই সবাইকে চলাচল করতে হচ্ছে। হাসপাতালটি ২০০ শয্যাবিশিষ্ট। এখানে নারী, শিশু, পুরুষসহ সবার জন্য আলাদা ব্যবস্থা আছে। কেবিন, পেয়িং ওয়ার্ডসহ অন্যান্য সুযোগ-সুবিধাও আছে। নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক জানালেন, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করেও রাতে লিফট চালু রাখা যাচ্ছে না।
তবে হাসপাতালের পরিচালক ইকবাল হোসেন টেলিফোনে প্রথম আলোকে বলেন, হাসপাতালে কখনোই লিফট বন্ধ থাকে না। একটি লিফট নষ্ট, সে তথ্যও ঠিক নয়। প্রতিবেদক নিজে দেখেছেন এবং রোগীর স্বজন, চিকিৎসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন জানানো হলে পরিচালক বলেন, হাসপাতালে রোগীর এত স্বজনের আসার দরকার কী? আর রমজানে নামাজের জন্য রাতে লিফট বন্ধ থাকতে পারে। লিফট বন্ধ থাকার কথা প্রতিবেদকের মুখেই প্রথম শুনলেন বলেও পরিচালক উল্লেখ করেন। তবে গতকালও রাত সাড়ে আটটায় লিফট বন্ধ হয়ে যায় বলে রোগীর স্বজনেরা জানান।