রাত ১০টা থেকে মহাস্থান সেতু বন্ধ
ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর ওপর নির্মিত মহাস্থান সেতু আজ রোববার রাত ১০টা থেকে কাল সোমবার সকাল সাতটা পর্যন্ত বন্ধ থাকবে। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) নয় ঘণ্টার জন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান সেতুতে যান চলাচল বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মহাস্থান সেতুতে ঝুঁকিপূর্ণ ফাটল দেখা দেওয়ায় দুই মাস আগে এর ওপর বেইলি সেতু স্থাপন করে যানবাহন চলাচল একমুখী করা হয়। বেইলি সেতু স্থাপনের পাশাপাশি মূল সেতুর ফাটল মেরামতের কাজ করা হয়। সেতুর মেরামতকাজ শেষ হওয়ায় বেইলি সেতু খুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেইলি সেতু খুলে ফেলার কাজে রোববার রাত ১০টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত এ সেতু দিয়ে সব ধরনের যানবাহন পারাপার বন্ধ থাকবে। সোমবার সকাল সাতটার পর মেরামত করা মূল সেতু খুলে দেওয়া হবে। আজ রাত ১০টা থেকে সোমবার ৭টা পর্যন্ত সব ধরনের ঢাকা-রংপুর মহাসড়কে চলাচলকারী সব ধরনের যানবাহন চালকদের বিকল্প পথে গাড়ি চলাচলের পরামর্শ দেন তিনি।
সওজের নির্বাহী প্রকৌশলী বলেন, ১০ আগস্ট মহাস্থান সেতুতে ফাটল দেখা দেয়। তবে বেইলি সেতু স্থাপন করে মেরামতের কাজ শুরু করা হয় ২০ আগস্ট থেকে। ফাটল মেরামতের কাজে ১ মাস ২৫ দিন সময় লেগেছে।
সওজ ও জেলা ট্রাফিক পুলিশের একটি সূত্র জানায়, পণ্যবাহী অতিরিক্ত ভারী ট্রাকের বহর একসঙ্গে ওঠে পড়ায় ১০ আগস্ট মহাস্থান সেতুর গার্ডারে ঝুঁকিপূর্ণ ফাটল দেখা দেয়। এরপর ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দল মতামত দেন, ১৯৫৭ সালে নির্মিত এ সেতুতে ধারণক্ষমতার অতিরিক্ত যানবাহন একসঙ্গে ওঠে পড়ায় লোড নিতে না পেরে গার্ডারে ফাটল দেখা দিয়েছে। মেরামত না হওয়া পর্যন্ত এ সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সওজের পক্ষ থেকে সেতুর ওপর দিয়ে প্রথমে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের নয় জেলার যানচলাচল ভেঙে পড়ে। পরে মহাস্থান মূল সেতুর ওপর বেইলি সেতু স্থাপন করে সীমিত আকারে এবং একমুখী যানবাহন চলাচলের উদ্যোগ নেওয়া হয়। এতে দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট-হিলি, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলায় চলাচলকারী যানবাহনের যাত্রী ও চালকদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। গত ঈদুল আজহায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেলে রংপুর-ঢাকা মহাসড়কে দুর্ভোগের কারণ হয় মহাস্থান সেতু। রংপুর থেকে ঢাকার আট ঘণ্টার পথ ১৬ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত লেগে যায়। এরপর থেকেই দ্রুততম সময়ে মহাস্থান সেতু মেরামত শেষে খুলে দেওয়ার দাবি ওঠে।