মিরপুরের অনেক এলাকায় সকাল থেকে রাত ১০টা পর্যন্ত রান্নাঘরে গ্যাসের চুলা জ্বলছে না। সাড়ে ১১ নম্বর ও আশপাশের এলাকায় গত শুক্রবার রাত সাড়ে ১০টা পর্যন্ত গ্যাসের স্বল্প চাপ ছিল। গতকাল শনিবার কাজীপাড়ার ইটখোলা বাজার এলাকায় গতকাল শনিবার সন্ধ্যা সাতটায়ও গ্যাসের চুলা জ্বলেনি। বিকল্প উপায়ে রান্নাবান্না করছেন বাসিন্দারা।
মিরপুর ছাড়াও পূর্ব কাজীপাড়ার ইটখোলা বাজার এলাকার বাসিন্দা রাশেদা আক্তার গতকাল বাধ্য হয়ে কেরোসিনের চুলা (স্টোভ) কিনেছেন। কারণ, গত প্রায় এক মাস চুলায় আঁচ কম। তিন দিন আগেও দুপুর ১২টার পরে গ্যাসের চাপ বাড়ত। এখন সন্ধ্যার আগে চুলা জ্বলছেই না। অথচ চুলা জ্বলুক না জ্বলুক, গ্যাসের বিল ঠিকই দিতে হচ্ছে। উপরন্তু কেরোসিনের জন্য বাড়তি টাকা গুনতে হবে।
মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকার ২ নম্বর রোডের একটি বাড়ির গৃহিণী শিরিন রহমান জানান, চুলা জ্বলে না বলে রান্নার কাজ করতে বৈদ্যুতিক সরঞ্জাম কিনতে হয়েছে। সেগুলো ব্যবহার করতে গিয়ে প্রচুর বিদ্যুৎ খরচ হয়। এ জন্য তাঁদের বাড়তি বিদ্যুৎ বিল গুনতে হচ্ছে। মিরপুর সাড়ে ১১ নম্বরের সিটি ক্লাব মাঠের কাছের এলাকাতেও এখন গ্যাসের সমস্যা প্রকট। কাজীপাড়ার মাতবর পুকুরপাড়, বড়বাগ এলাকার বাসিন্দারাও গ্যাসের স্বল্প চাপের ভোগান্তিতে আছেন বলে জানান।
পুরান ঢাকার অবস্থাও দুঃসহ: রাজার দেউড়ির ব্যবসায়ী সুদেব ঘোষ বলেন, লোহার পাতের ওপর মাটির চুলা তৈরি করেছেন। তাতে লাকড়ি দিয়ে কোনোরকমে ভাত-আলু সিদ্ধ করেন তাঁর দিদি। আগে সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাস থাকত না। এখন তিনটার দিকে এলেও আঁচ থাকে না।
একই সমস্যা রাধিকা মোহন বসাক লেন, পানিটোলা, গোয়ালনগর, তাঁতীবাজারের কিছু অংশে। অনেকে বাধ্য হয়ে ইলেকট্রিক হিটার ব্যবহার করেন। এ জন্য বাড়তি বিদ্যুৎ বিল আসবে। পুরান ঢাকার নাজিম উদ্দিন রোড, বংশাল, উর্দু রোড, বেগম বাজার, ঢালকানগর, হাজারীবাগ, মোহাম্মদপুরের শেখেরটেক, ইস্কাটনের দিলু রোডসহ নগরের অনেক এলাকায় গ্যাসের সমস্যা চলছে।
যোগাযোগ করলে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির জরুরি নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, রাজধানীর অনেক এলাকা থেকে গ্যাসজনিত সমস্যার অভিযোগ আসছে। বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত রয়েছে পুরোনো ও সরু পাইপের সমস্যা। এ ছাড়া পাইপে ময়লা জমেও সরবরাহ বিঘ্নিত হচ্ছে।