রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিদ্যুত্ যাবে সেচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বোরো মৌসুমে সেচের জন্য প্রতিদিন রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত গ্রামে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুত্ সরবরাহ করা হবে। এ সময় ছাড়া কেউ যাতে সেচযন্ত্র না চালায়, তা নিশ্চিত করার জন্য তদারকির ব্যবস্থা করা হবে। সেচের জন্য যত বেশি বিদ্যুত্ সংযোগ দেওয়া সম্ভব দিতে হবে। এ জন্য কৃষকের ওপর বাড়তি আর্থিক চাপ যাতে না পড়ে, তাও দেখতে হবে।গতকাল বুধবার আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুত্ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামুল হক, দুই মন্ত্রণালয়, এর বিভিন্ন বিভাগ ও সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় কৃষি মন্ত্রণালয় থেকে উপস্থাপিত কার্যপত্রে বলা হয়, এ বছর বোরো চাষে বিভিন্ন ধরনের প্রায় দুই লাখ ৫৯ হাজার ৪৪টি বিদ্যুত্চালিত সেচযন্ত্র ব্যবহূত হবে। এ যন্ত্রগুলো চালাতে রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত প্রতিনিয়ত এক হাজার ৬৬৫ মেগাওয়াট বিদ্যুত্ সরবরাহ করতে হবে।এ ছাড়া ডিজেলচালিত বিভিন্ন ধরনের সেচযন্ত্র ব্যবহূত হবে মোট ১৪ লাখ ২৫ হাজার ৯১৮টি। এগুলো চালাতে পুরো মৌসুমে মোট ডিজেল লাগবে প্রায় ১১ লাখ মেট্রিক টন। সময়মতো এই ডিজেল সরবরাহও নিশ্চিত করতে হবে। সভার কার্যপত্রে বলা হয়, এ বছর বোরো ধানের উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক কোটি ৮৭ লাখ মেট্রিক টন।সভায় সেচের জন্য চাহিদা অনুযায়ী বিদ্যুত্ ও ডিজেলের ব্যবহার নিশ্চিত করার জন্য বিদ্যুত্ বিভাগ, বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বিআইডব্লিউটিএ তাদের পরিকল্পনা উপস্থাপন করে।