রাত ১১টা ৫৯ মিনিটে আলো নিভিয়ে ২৫ মার্চ স্মরণের আহ্বান
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রি স্মরণ ও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে এক মিনিটের জন্য আলো নিভিয়ে নীরবতা পালন করার আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম। আজ বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট থেকে ১২টা পর্যন্ত সব আলো নিভিয়ে অন্ধকার থেকে আলোয় ফেরার কর্মসূচি পালনেরও অনুরোধ করেছে ফোরাম।গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। ফোরাম কেন্দ্রীয় পর্যায়ে আজ রাত ১০টা থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে কর্মসূচিটি পালন করবে। একই সময়ে ফোরামের বিভাগ ও জেলা সমন্বয় কমিটি দেশব্যাপী একই ধরনের অনুষ্ঠান আয়োজন করবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শোকাবহ কালরাত্রি উদ্যাপনের মাধ্যমে বাঙালি জাতি ঘৃণা ও ধিক্কার জানাবে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর কুলাঙ্গার রাজাকার, আলবদর, আলসামসদের। একই সঙ্গে অন্ধকার জয় করে ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐহিতাসিক ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনার মুহূর্তকেও জাতি স্মরণ করবে।’