নিরাপত্তার স্বার্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকার সব দোকানপাট রাত ১১টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের এ নির্দেশে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী জানান, গত বুধবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাত ১১টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব দোকান (হলের অভ্যন্তরীণ দোকান বাদে) বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্য করলে দুই হাজার টাকা জরিমানাসহ দোকানের বরাদ্দ বাতিল করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।প্রশাসনের এ নির্দেশনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁরা অভিযোগ করে বলেন, আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর নানা কর্মসূচির কারণে বেশির ভাগ শিক্ষার্থী রাত ১১টা পর্যন্ত হলের বাইরে থাকেন। কাজেই রাত ১১টার মধ্যে সব দোকান বন্ধ করে দিলে শিক্ষার্থীদের নানা সমস্যায় পড়তে হবে। বিভিন্ন কারণে ঢাকায় যাওয়া শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরতেও রাত ১১-১২টা বেজে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আরজু মিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ আদেশ জারি করা হয়েছে।