রাত ১২টার পর থেকে নৌ ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

২১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ রোববার রাত ১২টা ১ মিনিট থেকে নৌযান শ্রমিক ফেডারেশন সারা দেশে নৌ ধর্মঘট ডেকেছে। প্রত্যাহার করা না হলে এ সময় থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। 

২১ দফা দাবির মধ্যে রয়েছে, ভারতের কারাগারে আটক আটজন নাবিককে দ্রুত মুক্ত করে মর্যাদাপূর্ণভাবে বাংলাদেশে ফেরত আনার ব্যবস্থা করা, বাংলাদেশের কারাগারে আটক নাবিকদের অবিলম্বে মুক্ত করা, ভারতগামী জাহাজের মাস্টার-চালক ও নাবিকদের উপযুক্ত পরিচয়পত্র দিয়ে ভারতে নিরাপদ অবস্থানের ব্যবস্থা করা, বন্ধ রাখা তেলবাহী জাহাজ দ্রুত চলাচলের ব্যবস্থা করা, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, ত্রুটিপূর্ণ নৌযানকে জরিপ সনদ না দেওয়া ইত্যাদি।
আজ বিকেল পাঁচটার দিকে যোগাযোগ করা হলে নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত আমরা ধর্মঘট পালনে অটল রয়েছি। ধর্মঘটে যাত্রীবাহী, মালবাহী, পণ্যবাহী, বালুবাহী—সব ধরনের নৌযান বন্ধ থাকবে।’
ভারতের কারাগারে আটক নাবিকদের মুক্তির জন্য এ দেশে ধর্মঘট ডাকাটা কতটা যুক্তিযুক্ত? এমন প্রশ্নে সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা জোরদার করে ওই নাবিকদের মুক্ত করতে পারেন। আমরা তিন মাসের বেশি সময় ধরে এ কথা বোঝানোর চেষ্টা করছি।’
শ্রমিক ফেডারেশনের দাবিদাওয়া পূরণের ব্যবস্থা করার দায়িত্ব নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), শ্রম পরিদপ্তর ও নৌযান মালিকদের। তবে এবারের প্রধান দাবিগুলো পূরণের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা নৌপরিবহন অধিদপ্তরের। কিন্তু অধিদপ্তরের মহাপরিচালক কমোডর আরিফুর রহমান রয়েছেন দেশের বাইরে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানও লন্ডন অবস্থান করছেন।
যোগাযোগ করা হলে নৌপরিবহন অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শফিকুর রহমান আজ বিকেল সোয়া পাঁচটায় প্রথম আলোকে বলেন, ‘নৌযান ধর্মঘটের বিষয়ে শ্রমিকনেতারা তাঁকে ওই সময় পর্যন্ত কিছু জানাননি।
শ্রম পরিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে দুপুরে বৈঠক করেছে শ্রমিক ফেডারেশনের নেতারা। যোগাযোগ করা হলে পরিদপ্তরের উপপরিচালক মিতসু শাওলীন প্রথম আলোকে বলেন, ‘আমরা ধর্মঘট প্রত্যাহারের জন্য নৌযান শ্রমিকনেতাদের অনুরোধ করেছি। আমরা আশাবাদী।’