রাত ১২টায় ইলিশ ধরতে নামবেন জেলেরা
জাতীয় মাছ ইলিশের পোনা জাটকা রক্ষায় সরকারঘোষিত মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হবে আজ রাত ১২টায়। এরপর মাছ ধরতে নামবেন জেলেরা। চাঁদপুরের ৪১ হাজার জেলে এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান বলেন, নিষেধাজ্ঞা চলাকালে মেঘনা নদীর মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচর চরভৈরবী পর্যন্ত যার ৬০ কিলোমিটার এলাকায় গত দুই মাসে ম্যাজিস্ট্রেট, পুলিশ, কোস্টগার্ড এবং মৎস্য বিভাগ ৪৭৬টি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ১৯৬ জন জেলেকে আটক করে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
এই সময় চাঁদপুর সদর, হাইমচর, মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার ৪১ হাজার ১শ ৮৯ জন কর্মহীন জেলেকে ৪০ কেজি করে দুই মাস চাল বিতরণ করা হয়।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল বলেন, এ বছর নিষেধাজ্ঞা কর্মসূচি অন্যান্য বছরের চেয়ে আরও সফল হয়েছে। এ কারণে এ বছর আশা করা হচ্ছে ইলিশের উৎপাদনও বাড়বে। তবে কোথাও কোথাও চাল বিতরণ নিয়ে দু-একটা অভিযোগ থাকলেও সেগুলোর বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি।