
রাত বারোটার বেশি বেজে গেছে। এত রাতেও সড়কে যানবাহন ও মানুষের জটলা দিনের মতোই। আলো-ঝলমল বিপণিবিতান ও সড়কে বিভিন্ন বয়সী নারী-পুরুষের ছোটাছুটি। কেউ পরিবার-পরিজন নিয়ে গাড়িতে করে আসছেন। কেউ কেনাকাটা সেরে হাতভর্তি ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছেন। এটা মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকার গত বুধবার দিবাগত রাতের দৃশ্য। শহরের চৌমোহনা এলাকায়ও একই অবস্থা। ঈদের রাত পর্যন্ত এ দৃশ্য দেখা যাবে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে দুটি বিষয় ঈদের বাজারে প্রভাব ফেলেছে। একটি হচ্ছে প্রবাসীরা কম এসেছেন। জুলাই মাসে স্কুল বন্ধ হয়। তখন প্রবাসীরা পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে আসেন। এবার ঈদ আগে হওয়ায় অনেকেই আসতে পারেননি।
আরেকটি হচ্ছে বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ। জেলার অন্যতম তিনটি হাওরসহ ব্যাপক এলাকার ফসল নষ্ট হওয়ায় ক্রেতাদের বড় একটি অংশ এবার অন্যান্য বছরের মতো কেনাকাটায় নেই। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতেই তাঁদের সঞ্চয়ে টান পড়ছে। এ ছাড়া প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। লাগাতার বৃষ্টির কারণেও যেসব ক্রেতা দূর থেকে আসেন, তাঁদের উপস্থিতি কম। ঈদের কেনাকাটা রোজা শুরুর পর থেকেই কিছুটা শুরু হয়ে যায়। ঝামেলা এড়াতে অনেকেই আগেভাগে পছন্দের জিনিসটি কিনে রাখেন। তবে ঈদ যত ঘনিয়ে আসে ক্রেতাদের ভিড় ততই বাড়তে থাকে। সকাল ১০-১১টায় দোকান খোলে। ইফতারের সময় ছাড়া রাত প্রায় দুইটা পর্যন্ত এই কেনাকাটা চলে।
সরেজমিনে দেখা গেছে, পরিবারের প্রায় সব সদস্যই একসঙ্গে দোকানে এসে পছন্দের জিনিসটি কিনছেন। মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকাতেই ঈদের কেনাকাটা বেশি জমেছে। এ ছাড়া এম সাইফুর রহমান সড়ক, চৌমোহনা এলাকায়ও পোশাক, জুতা, প্রসাধনী সামগ্রীর কেনাকাটা চলছে।
গত বৃহস্পতিবার বিকেলে পশ্চিমবাজার ও চৌমোহনা এলাকায় প্রধান বিপণিবিতানগুলোতেই বেশি ভিড়। কেউ শাড়ি পছন্দ করছেন। তরুণীরা কিনছেন নানা নামের থ্রি-পিস। তরুণেরা কিনছেন শার্ট-প্যান্ট। কেউ কিনছেন শিশুদের পোশাক। কেউ পাঞ্জাবি। এখন কেনাকাটার শেষপর্যায় বলে জুতাসহ টুকিটাকি জিনিসের দোকানেও ভিড় বাড়ছে। তবে ছোট দোকানগুলোতে এবার ব্যবসা তেমন জমেনি।
ডিপার্টমেন্টাল স্টোর এমবির বিক্রেতা নেপুর পাল বলেন, ‘এবার প্রবাসী ক্রেতা কম। তবে বিক্রি খুব একটা খারাপ না। রাত দেড়-দুইটা পর্যন্ত ক্রেতারা থাকেন।’ তিনি জানান, এবার বেশি চলছে সারারা নামের লেহেঙ্গা। দাম সাড়ে ৩ হাজার থেকে ২৫ হাজার টাকা। বাহুবলি-২ ৪ হাজার থেকে ২০ হাজার, গাউন সাড়ে ৩ হাজার থেকে ২৮ হাজার টাকা। তবে অন্যান্য বছরের মতো এবার সুতি কামিজও চলছে। এগুলো ১ হাজার ১০০ থেকে ৫ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
ডিপার্টমেন্টাল স্টোর বিলাসের মার্কেটিং ব্যবস্থাপক রানু দেব গতকাল প্রথম আলোকে বলেন, ‘এবার দামি পোশাকের প্রতি ক্রেতার ঝোঁক কম। মধ্যম দামের পোশাক বেশি চলছে। আহামরি গোছের তেমন একটা চলছে না।’ তিনি বলেন, ‘ইন্ডিয়ান ড্রেস ৩ হাজার থেকে ১০ হাজার এবং দেশি ২ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকার মধ্যে বিক্রি বেশি হচ্ছে।’
বিলাসে ঈদের কেনাকাটা করতে আসা সদর উপজেলার মাইজগাঁওয়ের আলী বেগ বলেন, ‘দাম সহনীয় আছে মনে হচ্ছে। পছন্দের জিনিসও আছে।’ কুলাউড়া থেকে আশা সংগীতশিল্পী শিরিন আক্তার বলেন, ‘পছন্দের জিনিসটার দাম একটু বেশি মনে হচ্ছে। ৫ হাজার টাকার বাজেট। দাম চাওয়া হচ্ছে ৮ হাজার টাকা।’
এ ছাড়া শহরের জুলিয়া শপিং সিটি, ওয়েস্টার্ন প্লাজা, সেরা টাউন, আশরাফ সেন্টার, আহমদ ম্যানসন, শাহ মোস্তফা গার্ডেন সিটির মতো মার্কেটগুলো এবং বাটা, অরিয়ন, বে, অ্যাপেক্স, লট্টসহ বিভিন্ন ব্র্যান্ডের দোকানেও ক্রেতাদের ভিড় দেখা গেছে।
পশ্চিমবাজারের প্রয়োজন দোকানের মালিক ও মৌলভীবাজার বিজনেস ফোরামের সদস্যসচিব মো. শাহাদাৎ হোসাইন প্রথম আলোকে বলেন, ‘এবার ঈদের কেনাকাটায় বড় বাধা বৃষ্টি। এতে হকারসহ ছোট দোকানদাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবার অকাল বন্যায় হাওরের ধান নষ্ট হয়েছে। আমাদের মতো ছোট দোকানদারের প্রধান ক্রেতাই হচ্ছে গৃহস্থ মানুষ। আমরা গ্রামের কাস্টমার পাই। গ্রামের মানুষ এবার বাধ্য না হলে কিনছেন না। মধ্যপ্রাচ্য থেকে অন্য বছরের মতো টাকা আসেনি।’