ট্রেনের দ্বিতীয় দিনের অগ্রিম টিকিটের জন্য অপেক্ষা শুরু হয়েছিল আরও ১৭ ঘণ্টা আগেই। রাজধানীর কমলাপুর স্টেশন। রেলওয়ের বড় ঘড়িতে সোমবার সকাল নয়টা। টিকিট কাউন্টার খুলতেই রাতজাগা ক্লান্ত চোখগুলোতে টিকিটের প্রত্যাশা। তবে টিকিটপ্রত্যাশীদের লাইন স্টেশন চত্বর, রাস্তা ছাড়িয়ে আরও অনেক দূরে। রেলওয়ে কর্তৃপক্ষই বলছে, লোকের ভিড় প্রথম দিন রোববারের তুলনায় প্রায় দেড় গুণ।
সকাল সোয়া নয়টা। ২০টি কাউন্টার থেকে মোটামুটি ৫০টির মতো টিকিট ছাড়া হয়েছে। হঠাৎই শোরগোল। লাইনে বিশৃঙ্খলা। আওয়াজ উঠল, ‘টিকিট কালোবাজারি করছে’। শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন লাইন থেকে ১০ জনকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন। টিকিটপ্রত্যাশীরা ফের লাইনে।
কাউন্টারে কর্মরত মো. সোহেল জানান, গত দিনে ক্যামেরায় তোলা ছবি দেখে তাঁদের শনাক্ত করা হয়েছে। কালোবাজারি সন্দেহে পুলিশকে খবর দেওয়া হয়েছে। সকাল ১০টায় যোগাযোগ করা হলে রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, অভিযুক্ত ১০ জন লাইনে দাঁড়িয়ে টিকিট কালোবাজারির চেষ্টা করছিলেন। লাইনে দাঁড়িয়ে আরও কয়েকজন টিকিট নিয়েছেন, তাঁদের আটক করা সম্ভব হয়নি। তিনি জানান, টিকিট কালোবাজারি রোধে স্টেশনে ১৬টি সিসিটিভিতে চোখ রাখা হয়েছে। এ ছাড়া আলাদাভাবে টিকিট কেনা যাত্রীদের ভিডিওচিত্র সংগ্রহ করা হচ্ছে। পর্যায়ক্রমে সাড়ে ১০টা, সোয়া ১১টা এবং সর্বশেষ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন লাইন থেকে আরও সাতজনকে ‘কালোবাজারি’ সন্দেহে সরিয়ে নিয়ে যায় পুলিশ।
মাইকে বারবার ঘোষণা করা হচ্ছে, ‘লাইনে দাঁড়ানো সবাই টিকিট পাবেন’। এ বিষয়ে স্টেশন ম্যানেজার খায়রুল বশীর বলেন, দ্বিতীয় দিনের অগ্রিম টিকিট হিসেবে সোমবার ১৮ হাজার টিকিট বিক্রি করা হবে। প্রথম দিনে ১৫ হাজার টিকিট বিক্রি হয়েছে বলে জানান তিনি।
বেলা আড়াইটা থেকে একটির পর একটি কাউন্টার বন্ধ হতে থাকে। সর্বশেষ কাউন্টার বন্ধ হয় সোয়া তিনটায়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট না পেয়ে ভুক্তভোগীরা হতাশ হলেও অধিকাংশই ফের বসে পড়েন প্ল্যাটফর্মে বিছানো পেপারে। রংপুরগামী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাইসুল বলেন, ‘কালকের জন্য অপেক্ষা করব। টিকিট হাতে নিয়েই বাসায় ফিরব।’
রেলওয়ে সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ের ৬৫ শতাংশ টিকিট স্টেশন কাউন্টারের লাইনে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে দেওয়া হয়। ২৫ শতাংশ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি হয়; যা অনলাইনে কিনে পরে স্টেশনের নির্দিষ্ট কাউন্টার থেকে সংগ্রহ করতে হয়। এ ছাড়া রাষ্ট্রের ভিআইপি ব্যক্তিরা ৫ শতাংশ ও বাকি ৫ শতাংশ টিকিট রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দেওয়া হয়।
কিন্তু এবার অনলাইনেও টিকিট পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন যাত্রীরা। রাজশাহীগামী জাহেদুর রহমান জানান, গতকাল সোমবার সকাল নয়টা থেকে ১২টা, অর্থাৎ তিন ঘণ্টা অনলাইনে চেষ্টার পর তিনি তিনটি টিকিট কিনতে পেরেছেন। তাঁর সঙ্গে থাকা বন্ধুরা এখনো চেষ্টা করছেন।
সকাল থেকে কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, বেলা যত বেড়েছে, ততই বেড়েছে টিকিটপ্রত্যাশীদের ভিড়। প্রথম দিনের মতো যাত্রীদের অভিযোগ, কাউন্টারগুলো খুব ধীরগতিতে কাজ করছে। ফলে একটি টিকিট দিতে দিতে লাইনে আরও ২০ জন বাড়ছে। এ বিষয়ে রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক কামরুল আহসান বলেন, কালোবাজারি ঠেকাতে পরিচয় নিশ্চিত হয়ে টিকিট দিতে গিয়ে একটু দেরি হচ্ছে।