রাতভর অপেক্ষার পর সকালে ফরম সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি ভোর সাড়ে চারটা থেকে স্কুলের সামনে এসে অপেক্ষা করছি। আমার ভাগনের জন্য ফরম নিতে এসেছি। এর আগে গতকাল (বৃহস্পতিবার) রাতে আমার জায়গায় অপেক্ষা করছিলেন আমার ভগ্নিপতি। আমি আসার পর তিনি বাসায় ফিরে গেছেন।’চট্টগ্রাম নগরের জামাল খান এলাকার শিশু শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট মেরিস স্কুলে কেজি শ্রেণীর ভর্তির ফরম নিতে আসা জাহিদ হোসেন এসব কথা বলেন। লালখান বাজার বাসা থেকে তিনি হেঁটে চলে আসেন মধ্যরাতে। শুধু জাহিদই নন, তাঁর মতো আরও অনেক অভিভাবকই এভাবে দূরদূরান্ত থেকে ছুটে আসেন ফরম সংগ্রহের জন্য।‘একটি ভালো স্কুলে পড়াতে চাই বলেই আমাদের এত যুদ্ধ।’ বললেন নগরের চেরাগী পাহাড় থেকে ফরম নিতে আসা সাগরি শর্মা।অভিভাবকদের অভিযোগ, গতানুগতিক পদ্ধতিতে ফরম বিতরণ করায় কষ্ট বেড়ে গেছে। তাঁরা অনলাইনে আবেদন নেওয়ার দাবি জানিয়েছেন। এতে রাতের বেলায় অভিভাবকদের কষ্ট করে লাইনে অপেক্ষা করতে হবে না।গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে ফরম বিতরণ শুরু হয়। মাঝখানে মিনিট দশেক মধ্যাহ্নবিরতির পর বিকেল চারটা পর্যন্ত ফরম বিতরণ করা হয়। কারণ, ফরম বিতরণের সময় ছিল এক দিনই। প্রতিটি ফরমের দাম রাখা হয়েছে ২৫০ টাকা। জানা যায়, সেন্ট মেরিস স্কুলে কেজি শ্রেণীতে দুটি পালায় (প্রভাতী ও দিবা) প্রতিটিতে তিনটি করে শাখা রয়েছে। এখানে প্রতিটি শাখায় ৬৫ জন শিক্ষার্থীর আসন রয়েছে। এই শ্রেণীতে আসনসংখ্যা ৩৯০টি। এর বিপরীতে গতকাল ফরম বিক্রি হয়েছে এক হাজার ৮৩৫টি।সেন্ট মেরিস স্কুলের প্রধান শিক্ষক সিস্টার মেরি শান্তা প্রথম আলোকে বলেন, ‘অভিভাবকদের আগ্রহের কথা ভেবেই আমরা এতগুলো ফরম বিতরণ করেছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের ফরম বিতরণের নির্ধারিত সময় ছিল সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত। কিন্তু অভিভাবকদের ক্লান্তিহীন অপেক্ষার কারণে ফরম বিতরণ আধা ঘণ্টা এগিয়ে এনেছি।’