রাতভর অভিযান, চট্টগ্রামে ১২টি বিলবোর্ড উচ্ছেদ

চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের বিভিন্ন এলাকায় গত বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে ১২টি বিলবোর্ড উচ্ছেদ করেছে। দিনের বেলায় যানজট এড়াতে রাতে এ অভিযান চালানো হয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে দিবাগত রাত তিনটা পর্যন্ত নগরের লালখানবাজার, দেওয়ানহাট, অক্সিজেন মোড় ও ২ নম্বর গেট এলাকায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান চালানো হয়। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের চার নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উচ্ছেদ কার্যক্রম শুরুর আগে গত বৃহস্পতিবার রাতে সিটি করপোরেশনের সচিব রশিদ আহমদ প্রথম আলোকে বলেন, বর্তমানে চট্টগ্রাম নগরের প্রধান সড়কে উড়ালসড়কের নির্মাণকাজ চলছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় ওয়াসার পানির পাইপলাইন বসানো হচ্ছে। দিনের বেলায় বিলবোর্ড উচ্ছেদ করলে নগরজুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হবে। এ জন্য রাতে বিলবোর্ড উচ্ছেদ করা হচ্ছে। চট্টগ্রাম নগর অবৈধ বিলবোর্ডমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানের সমন্বয়কের দায়িত্বে থাকা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, অভিযানের প্রথম দিন ১২টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। অবৈধ বিলবোর্ড উচ্ছেদে এই অভিযান অব্যাহত থাকবে।
গত বৃহস্পতিবার রাতে সরেজমিনে দেখা যায়, নগরের দেওয়ানহাট মোড়ে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু হয় রাত ১১টায়। রাত ১২টা পর্যন্ত এই মোড় থেকে দুটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। এই মোড়ে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন। শেষ পর্যন্ত এই মোড় থেকে চারটি বিলবোর্ড অপসারণ করা হয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, বিলবোর্ড উচ্ছেদ অভিযানে নগর পুলিশের প্রায় দুই শ সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া সিটি করপোরেশনের সচিব রশিদ আহমদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নগরের অবৈধ বিলবোর্ড উচ্ছেদে গত বছরের ১ জুন অভিযান শুরু করে সিটি করপোরেশন। ৯ জুলাই পর্যন্ত চলা অভিযানে ছোট-বড় ১৮৩টি বিলবোর্ড অপসারণ করা হয়েছিল।