
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অন্ধ্র-ওডিশা উপকূলে সৃষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় শনিবার রাতভর বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে নগরের কোথাও কোথাও হাঁটুপানি জমে গেছে।
পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল নয়টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। লঘুচাপের প্রভাবে থেমে থেমে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানান কর্তব্যরত আবহাওয়াবিদ মো. শরীফুল নেওয়াজ।
তিনি বলেন, লঘুচাপের প্রভাবে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া একই কারণে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, বৃষ্টিপাতের ফলে নগরের বাকলিয়া, হালিশহর, ষোলশহর, মুরাদপুর, আগ্রাবাদ, চাক্তাই, কাপাসগোলা, চকবাজারসহ বিভিন্ন নিচু এলাকায় হাঁটুপানি জমে যায়। তবে বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে তা নেমে যায়। সকাল নয়টা পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল।
আবহাওয়া দপ্তর জানায়, লঘুচাপটি সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে সরে গিয়ে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন ওডিশা উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করাতে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।